মেটার চশমায় এবার বার্তা পাঠানোও সম্ভব

প্রযুক্তিনির্ভর স্মার্ট ডিভাইসের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করেছে মেটা। নিজেদের ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমার জন্য বড় ধরনের সফটওয়্যার হালনাগাদ এনেছে প্রতিষ্ঠানটি। নতুন আপডেটের মাধ্যমে চশমাটিতে যুক্ত হয়েছে নিউরাল হ্যান্ডরাইটিং, লাইভ ক্যাপশন, ডিসপ্লে রেকর্ডিং, ডেভেলপারস টুলস এবং উন্নত নেভিগেশন সুবিধা। ফলে শুধু ছবি তোলা বা গান শোনাই নয়, এখন এই স্মার্ট চশমা ব্যবহার করে স্মার্টফোন ছাড়াই বার্তা লেখা ও পাঠানো, দিকনির্দেশনা জানা এবং বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করাও সম্ভব হবে।

প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই হালনাগাদ চশমাটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও কার্যকর করে তুলেছে। বিশেষ করে যারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম বা ডিজিটাল যোগাযোগের সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি নতুন অভিজ্ঞতা তৈরি করবে। ব্যবহারকারীরা এখন অনেক ক্ষেত্রেই স্মার্টফোনের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি চশমা থেকেই বিভিন্ন কাজ করতে পারবেন।

নতুন আপডেটের সবচেয়ে আলোচিত সংযোজন হলো ‘নিউরাল হ্যান্ডরাইটিং’ প্রযুক্তি। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারী হাতের আঙুল নড়াচড়া করে বার্তা লিখতে পারবেন এবং সেই বার্তা চশমার সাহায্যে পাঠানো যাবে। তবে এই সুবিধা ব্যবহারের জন্য বিশেষ ধরনের একটি নিউরাল রিস্টব্যান্ড ব্যবহার করতে হবে। রিস্টব্যান্ডটি আঙুলের সূক্ষ্ম নড়াচড়া শনাক্ত করে তা লেখায় রূপান্তর করবে। এরপর সেই লেখা ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠানো যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএসের মেসেজিং অ্যাপেও এই সুবিধা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মেটা।

চশমাটিতে যুক্ত হয়েছে ‘ডিসপ্লে রেকর্ডিং’ সুবিধাও। এর ফলে ব্যবহারকারী চশমার কাচে দেখা তথ্যের পাশাপাশি আশপাশের দৃশ্য এবং শব্দ একসঙ্গে ভিডিও আকারে ধারণ করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কনটেন্ট নির্মাতাদের জন্য এটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কারণ, এতে প্রথম ব্যক্তির দৃষ্টিকোণ থেকে ভিডিও ধারণ আরও সহজ হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ‘লাইভ ক্যাপশন’। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে পাওয়া ভয়েস মেসেজ তাৎক্ষণিকভাবে লিখিত বার্তা হিসেবে চশমার ডিসপ্লেতে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা শব্দ শুনতে না পারলেও সহজেই বার্তার বিষয়বস্তু বুঝতে পারবেন। এটি বিশেষভাবে কাজে আসতে পারে জনসমাগমপূর্ণ বা শব্দপূর্ণ পরিবেশে।

মেটা আরও জানিয়েছে, নতুন আপডেটের মাধ্যমে নেভিগেশন সুবিধাও উন্নত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সরাসরি চশমার মাধ্যমেই গন্তব্যের দিকনির্দেশনা জানতে পারবেন। এতে যাতায়াতের সময় ফোন হাতে নেওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে ডেভেলপারদের জন্য নতুন টুলস যুক্ত হওয়ায় ভবিষ্যতে এই স্মার্ট চশমাকে কেন্দ্র করে আরও নতুন অ্যাপ ও ফিচার তৈরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্মার্ট চশমার বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানগুলো এখন ব্যবহারকারীদের জন্য আরও বাস্তবমুখী ও ব্যবহারবান্ধব ফিচার যুক্ত করার দিকে গুরুত্ব দিচ্ছে। মেটার নতুন এই হালনাগাদও সেই ধারাবাহিকতার অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তিকে আরও সহজ ও ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপ দিতে প্রতিষ্ঠানটি যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, এই আপডেটকে তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed