আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো, অর্থসম্পদ যত বেশি, জীবন তত সহজ এবং সুখী। অনেকেই মনে করেন, আর্থিক স্বচ্ছলতা মানেই মানসিক প্রশান্তি। তবে বিভিন্ন গবেষণা ও পর্যবেক্ষণ বলছে, বাস্তবতা এতটা সরল নয়। বরং অতিরিক্ত সম্পদ মানুষের চিন্তাধারা, আচরণ এবং মানসিক গঠনেও প্রভাব ফেলতে পারে, যা অনেক ক্ষেত্রে সুখ ও তৃপ্তির পথে প্রতিবন্ধকতা তৈরি করে। বিশেষ করে উচ্চবিত্ত বা অতিধনী মানুষের মধ্যে কিছু সাধারণ মানসিক প্রবণতা লক্ষ্য করা যায়।
প্রথমত, অতিরিক্ত সম্পদ সহানুভূতির মাত্রাকে প্রভাবিত করতে পারে। যাঁরা অর্থনৈতিকভাবে খুবই স্বচ্ছল, তাঁদের অনেকেই সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম থেকে দূরে থাকেন। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সুযোগ তাঁদের কম থাকে। ফলে অন্যের কষ্ট, দুঃখ বা সীমাবদ্ধতা অনুভব করার ক্ষমতা কিছুটা কমে যেতে পারে। এটি ব্যক্তিগত সম্পর্ক এবং সামাজিক সংযোগের ক্ষেত্রেও প্রভাব ফেলে।
দ্বিতীয়ত, নিজের গুরুত্ব সম্পর্কে অতিরিক্ত ধারণা তৈরি হতে পারে। সমাজে ধনীদের প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয়, যা অনেক সময় তাঁদের মধ্যে আত্মকেন্দ্রিকতা বা অহংবোধ বাড়িয়ে দেয়। এই প্রবণতার ফলে তাঁরা নিজেদের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দিতে শুরু করেন। ধীরে ধীরে এই মানসিকতা তাঁদের অন্যদের থেকে দূরে সরিয়ে নিতে পারে, এমনকি সামাজিক বিচ্ছিন্নতারও কারণ হয়ে দাঁড়াতে পারে।
তৃতীয়ত, ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। অর্থনৈতিক নিরাপত্তা থাকায় অনেক ধনী ব্যক্তি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না। তাঁদের কাছে ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম মনে হয়, কারণ অর্থনৈতিকভাবে তাঁরা পুনরায় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখেন। এই কারণে অনেক সময় তাঁরা এমন সিদ্ধান্ত নেন, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।
চতুর্থত, সামাজিক দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। অতিরিক্ত সম্পদ মানুষকে একধরনের আলাদা জগতে নিয়ে যেতে পারে। এই অবস্থায় অনেকেই নিজেদের শ্রেণির বাইরের মানুষদের সঙ্গে কম মেলামেশা করেন। ফলে এক ধরনের শ্রেণিভিত্তিক মানসিকতা তৈরি হয়, যেখানে অন্যদের মূল্যায়ন কম করা হয় বা অবমূল্যায়ন করার প্রবণতা দেখা যায়। এতে সমাজের বৃহৎ অংশের বাস্তবতা থেকে দূরত্ব তৈরি হয় এবং বাস্তব জীবনের নানা সমস্যার প্রতি সংবেদনশীলতা কমে যায়।
সবশেষে, অতিধনীদের মধ্যে একাকিত্বের প্রবণতা লক্ষ করা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক ধনী ব্যক্তি সত্যিকারের সম্পর্ক নিয়ে সন্দিহান থাকেন। তাঁদের ধারণা, অনেকেই সম্পর্ক গড়ে তোলেন ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে, আন্তরিকতা বা ভালোবাসার কারণে নয়। এই অবিশ্বাস তাঁদের মানসিকভাবে বিচ্ছিন্ন করে তোলে। ফলে প্রকৃত বন্ধু বা বিশ্বস্ত সম্পর্ক চিহ্নিত করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়ে, যা একাকিত্ব ও মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয়।
তবে এই বিষয়গুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক ধনী মানুষ রয়েছেন, যাঁরা অত্যন্ত সহানুভূতিশীল এবং উদার মানসিকতার অধিকারী। তাঁরা সমাজের উন্নয়নে কাজ করেন, দান-খয়রাতে অংশ নেন এবং শ্রেণিবৈষম্য উপেক্ষা করে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখেন। তাই সম্পদ নিজে সমস্যা নয়, বরং সেটি কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং তার সঙ্গে ব্যক্তির মানসিকতা কেমন, সেটিই মূল বিষয়।





Add comment