Bp News USA

আপনি কি সত্যিই ইমোশনালি ইন্টেলিজেন্ট?

ব্যক্তিগত সাফল্য, সম্পর্কের গভীরতা কিংবা কর্মক্ষেত্রে পারফরম্যান্স কেবলমাত্র আইকিউ বা প্রথাগত বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে না। বরং একজন মানুষ নিজের আবেগ কতটা বোঝেন, নিয়ন্ত্রণ করতে পারেন এবং অন্যের অনুভূতির প্রতি কতটা সংবেদনশীল—সেই দক্ষতাই জীবনের নানা ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। এই ক্ষমতাকেই বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ। উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্সসম্পন্ন মানুষের সংখ্যা খুব বেশি নয় বলেই মনে করেন অনেক বিশেষজ্ঞ। তবে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই বোঝা যায়, কেউ এই সক্ষমতায় কতটা এগিয়ে।

হাই ইমোশনাল ইন্টেলিজেন্স কী

উচ্চ আবেগীয় বুদ্ধিমত্তার পাঁচটি মূল উপাদান রয়েছে। এগুলো হলো আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে অনুপ্রাণিত রাখার সক্ষমতা, সহানুভূতি এবং সামাজিক দক্ষতা।

যাঁদের ইকিউ বেশি, তাঁরা চাপের মুহূর্তে আবেগের ভারসাম্য হারান না। নিজেদের কোন বিষয়গুলো তাঁদের উত্তেজিত বা সংবেদনশীল করে তোলে, তা তাঁরা স্পষ্টভাবে জানেন এবং সেগুলো সামাল দিতে সক্ষম হন। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অনুভূতির গুরুত্ব বোঝেন। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া, ভুল স্বীকার করা এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তোলাও তাঁদের বৈশিষ্ট্যের অংশ।

হাই ইকিউর ১২টি লক্ষণ

১. নিজের আবেগ সম্পর্কে সচেতনতা
উচ্চ ইকিউসম্পন্ন ব্যক্তি নিজের অনুভূতি বিশ্লেষণ করতে পারেন। তিনি বুঝতে পারেন কেন কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে তিনি বিশেষভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সৃষ্টিশীল কাজ কিংবা নতুন কিছু শেখার মধ্য দিয়ে আনন্দ খুঁজে পান।

২. চাপের মধ্যেও স্থিরতা
তীব্র চাপ বা সংকটের সময় মাথা ঠান্ডা রাখা তাঁদের বড় শক্তি। হঠাৎ আবেগতাড়িত প্রতিক্রিয়া না দেখিয়ে পরিণত আচরণ করেন এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেন।

৩. ট্রিগার পয়েন্ট চেনা
কোন আচরণ, কথা বা পরিস্থিতি তাঁদের উত্তেজিত করে তোলে, তা তাঁরা জানেন। ফলে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া এড়িয়ে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন।

৪. সহানুভূতিশীল মনোভাব
অন্যের শরীরী ভাষা, কণ্ঠের ওঠানামা কিংবা নীরবতার মধ্যেও অনেক কিছু বুঝতে পারেন। অনেকে যা প্রকাশ করেন না, সেটিও অনুভব করতে পারেন। অন্যের আবেগকে সম্মান দেওয়ার মানসিকতা তাঁদের মধ্যে প্রবল।

৫. মনোযোগ দিয়ে শোনা
তাঁরা শোনেন বোঝার জন্য, জবাব দেওয়ার জন্য নয়। কারও কথা মাঝপথে থামিয়ে নিজের মত চাপিয়ে দেন না। এই অভ্যাস সম্পর্ককে গভীর করে।

৬. ভুলের দায় স্বীকার
ভুল হলে অজুহাত না দিয়ে দায় স্বীকার করেন। আন্তরিকভাবে ক্ষমা চান এবং সংশোধনের উদ্যোগ নেন। এতে ব্যক্তিগত ও পেশাগত বিশ্বাসযোগ্যতা বাড়ে।

৭. সহজে ভেঙে না পড়া
পরিস্থিতি বদলালে হতাশায় ডুবে না গিয়ে নমনীয়তা দেখান। পরিকল্পনা ভেস্তে গেলেও নতুনভাবে এগিয়ে যাওয়ার পথ খোঁজেন।

৮. প্রয়োজনে ‘না’ বলা
নিজের মানসিক শান্তি ও সময় রক্ষার জন্য প্রয়োজন হলে স্পষ্টভাবে ‘না’ বলতে পারেন। অপরাধবোধ ছাড়াই সীমা নির্ধারণ করতে জানেন।

৯. ফিডব্যাক গ্রহণের মানসিকতা
সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে উন্নতির সুযোগ হিসেবে বিবেচনা করেন। কাছের মানুষদের কাছ থেকেও নিজের ত্রুটি জানতে চান এবং তা সংশোধনের চেষ্টা করেন।

১০. অভ্যন্তরীণ প্রেরণা
তাঁদের অনুপ্রেরণা আসে ভেতর থেকে। ছোট ছোট লক্ষ্য অর্জনের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যান। বাহ্যিক পুরস্কার বা স্বীকৃতির চেয়ে আত্মোন্নয়ন তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

১১. ক্ষমা করার ক্ষমতা
অতীতের কষ্ট বা ভুল আঁকড়ে ধরে থাকেন না। ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াকেই বেছে নেন।

১২. দয়ালু আচরণ
উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্সসম্পন্ন ব্যক্তিরা সাধারণত সহৃদয় হন। অন্যকে সহায়তা করা, মানসিক সমর্থন দেওয়া কিংবা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্যে আনন্দ খুঁজে পান।

ইমোশনাল ইন্টেলিজেন্স কোনো জন্মগত বৈশিষ্ট্য নয়, বরং চর্চা ও সচেতনতার মাধ্যমে এটি উন্নত করা সম্ভব। নিজের আবেগ বোঝা এবং অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখানোই এর প্রথম ধাপ।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed