মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলে নির্মিত ১,০৫৫ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়কের নাম তাঁর নামে রাখা হচ্ছে| তিনি বলেন, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ এই সম্মান দিচ্ছেন| তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মরক্কো সরকার| সোমবার (২৭ জুলাই) ব্লুমবার্গ জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি ভিডিও প্রকাশ করেন|
সেখানে মরুভূমির বিস্তীর্ণ এলাকা এবং প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ডাকলা-তিজনিত মহাসড়কের বিভিন্ন অংশ দেখানো হয়| ভিডিওতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প হাইওয়ে’ আফ্রিকার দীর্ঘতম সড়কগুলোর একটি, যা আটলান্টিক উপকূলের প্রায় ৭ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত| এটি পশ্চিম আফ্রিকাকে মরক্কোর মাধ্যমে ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলের সঙ্গে সংযুক্ত বৃহত্তর সড়ক নেটওয়ার্কের অংশ হবে|
ভিডিও শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘অত্যন্ত সম্মানিত মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদকে ধন্যবাদ| এটি আমার জন্য বিরাট সম্মানের| আশা করি খুব শিগগিরই পুরো মহাসড়কটি ভ্রমণ করতে পারব|’ তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে মরক্কো সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি| দেশটির সরকারের মুখপাত্রও সংবাদমাধ্যমের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি|
১৯৭৫ সালে স্পেনের উপনিবেশ প্রত্যাহারের পর থেকে পশ্চিম সাহারা মরক্কো এবং আলজেরিয়া-সমর্থিত স্বাধীনতাকামী পলিসারিও ফ্রন্টের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল হিসেবে রয়েছে| বর্তমানে অঞ্চলটির অধিকাংশ অংশ মরক্কোর নিয়ন্ত্রণে|
২০২০ সালে ট্রাম্প প্রশাসন পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়| এর বিনিময়ে মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে| পরে ফ্রান্স ও স্পেনও মরক্কোর অবস্থানের প্রতি সমর্থন জানায়| এর ফলে ওই অঞ্চলে গভীর সমুদ্রবন্দর, পর্যটনকেন্দ্র ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বড় ধরনের বিনিয়োগ বৃদ্ধি পায়|





Add comment