বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে “আমেরিকায় জুলাই জাগরণ” শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে এনসিপি ডায়াসপোারা অ্যালায়েন্স ইউএসএ| ২০ জুলাই এ উপলক্ষে সোমবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়| সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন সাইমন|
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক| ছাত্র-তরুণ ও সাধারণ মানুষের আত্মত্যাগ, সাহস এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে| এই আন্দোলনে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও জনমত গঠন, প্রতিবাদ কর্মসূচি, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন| তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের বাস্তব চিত্র দেশ-বিদেশে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ| সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক সমাজের প্রতি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএসএ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে|
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের সানি পার্কে অনুষ্ঠিত হবে “আমেরিকায় জুলাই জাগরণ” শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান| অনুষ্ঠানে থাকছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য, আন্দোলনের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, প্রবাসীদের ভূমিকা নিয়ে বিশেষ উপস্থাপনা, জুলাই আন্দোলনভিত্তিক আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী|
এছাড়া রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ক আলোচনা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্য এবং ঊনবাঙাল সাহিত্য সংগঠনের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে| আগত অতিথিদের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে| ডা. মোহাইমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের তাৎপর্য তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এ আয়োজনের বার্তা পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন|
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রওশন হক, নিউইয়র্ক স্টেট লোকাল অর্গানাইজার রাকিব উদ্দিন, মুখ্য সংগঠক এম. এইচ. সিদ্দিক, যোগাযোগ ও মিডিয়া সম্পাদক হাসিবুল কবির, নিউইয়র্কের স্থানীয় সংগঠক মাহামুদুল কবির অনিক, কেন্দ্রীয় সদস্য রাসেল আলম এবং যুগ্ম অর্থ সম্পাদক জি এম নিলয় ও নিজামুল শাহির, কার্যনির্বাহী সদস্য লোকমান আহমেদ রিয়াদ, রাহাত আলম এবং সদস্য নুমায়ের হোসেন দিহান| সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের সহযোগিতা ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে “আমেরিকায় জুলাই জাগরণ” অনুষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে|





Add comment