ছোট ঘরও দেখাতে পারে প্রশস্ত

বর্তমান নগরজীবনে ছোট ফ্ল্যাট বা সীমিত জায়গার বাসা এখন খুবই সাধারণ বিষয়। কিন্তু অল্প জায়গার ঘর মানেই যে অস্বস্তিকর বা গাদাগাদি পরিবেশ, এমন ধারণা এখন বদলাচ্ছে। সামান্য পরিকল্পনা, সঠিক রঙের ব্যবহার এবং অন্দরসজ্জায় কিছু কৌশল প্রয়োগ করলেই ছোট ঘরকেও বড়, খোলামেলা ও প্রশান্তিদায়ক করে তোলা সম্ভব। আর এর জন্য সব সময় বড় বাজেটের প্রয়োজন হয় না।

অন্দরসজ্জাবিদদের মতে, ছোট জায়গাকে আরামদায়ক করে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রঙের নির্বাচন। ঘরের দেয়ালে হালকা রং ব্যবহার করলে স্বাভাবিকভাবেই জায়গা বড় দেখায়। উজ্জ্বল সাদা, অফ হোয়াইট, ধূসর, বেইজ বা হালকা প্যাস্টেল রং ছোট অন্দরের জন্য বেশ উপযোগী। একই রঙের বিভিন্ন শেড ব্যবহার করলে ঘরের মধ্যে একধরনের সামঞ্জস্য তৈরি হয়, যা চোখে আরাম দেয়।

বিশেষজ্ঞদের মতে, ছোট ঘরে অনেক বেশি কন্ট্রাস্ট তৈরি করলে বরং ঘর আরও ছোট মনে হতে পারে। তাই উজ্জ্বল ও গাঢ় রঙের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলাই ভালো। একই সঙ্গে অনেক ধরনের রং ব্যবহার করলেও ঘরের ভিজ্যুয়াল ব্যালান্স নষ্ট হয়। ফলে পরিকল্পিতভাবে একধরনের টোন ধরে রাখলে ছোট জায়গাও পরিপাটি ও প্রশস্ত লাগে।

আলোর ব্যবহার ছোট ঘরকে বড় দেখানোর অন্যতম কার্যকর উপায়। দিনের আলো ঘরে প্রবেশ করতে দিলে জায়গা স্বাভাবিকভাবেই উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়। এজন্য ভারী পর্দার বদলে পাতলা কাপড়ের পর্দা ব্যবহার করা যেতে পারে। এতে বাইরের আলো সহজে ঘরে প্রবেশ করতে পারে এবং ঘর আরও খোলামেলা মনে হয়।

রাতের সময়েও আলোর সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। উষ্ণ ও কোমল আলো ঘরের পরিবেশকে আরামদায়ক করে তোলে। শুধু ছাদের একটি লাইটের ওপর নির্ভর না করে বিভিন্ন কোণে আলোর ব্যবস্থা রাখা যেতে পারে। দেয়ালের পাশে, আসবাবের পেছনে বা টেবিল ল্যাম্পের মাধ্যমে আলোর স্তর তৈরি করলে ছোট ঘরেও গভীরতা তৈরি হয়।

আসবাবপত্র বাছাই ও বিন্যাস ছোট অন্দরকে আরামদায়ক করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, এমনভাবে আসবাব রাখতে হবে যাতে হাঁটাচলার জন্য পর্যাপ্ত জায়গা খালি থাকে। মেঝের যত বেশি অংশ দৃশ্যমান থাকবে, ঘর তত বড় মনে হবে।

ছোট ঘরে অতিরিক্ত আসবাব না রাখাই ভালো। প্রয়োজন ছাড়া বড় বা ভারী আসবাব ঘরকে গুমোট করে তোলে। এর বদলে বহুমুখী আসবাব ব্যবহার করা যেতে পারে। যেমন সোফা কাম বেড, স্টোরেজ বেড বা ফোল্ডিং টেবিল ছোট জায়গার জন্য খুবই কার্যকর। একটি আসবাব থেকেই যদি একাধিক কাজ করা যায়, তাহলে জায়গা অনেকটাই সাশ্রয় হয়।

দেয়ালের পুরো উচ্চতা ব্যবহার করেও স্টোরেজের ব্যবস্থা করা সম্ভব। ছাদ পর্যন্ত ক্যাবিনেট তৈরি করলে অতিরিক্ত জিনিস গুছিয়ে রাখা যায় এবং ঘরও এলোমেলো দেখায় না। অনেক সময় ছোট ঘরের সবচেয়ে বড় সমস্যা হয় অগোছালো পরিবেশ। তাই ঘর পরিপাটি রাখাটাও সমান গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের পরামর্শ, অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রেখে নিয়মিত বাছাই করে সরিয়ে ফেলা উচিত। প্রয়োজনীয় ছোটখাটো জিনিস বাক্স বা সংগঠিত স্টোরেজে রাখলে ঘর ছিমছাম দেখায়। একটি গুছানো ঘর ছোট হলেও মানসিক স্বস্তি দেয়।

অন্দরসজ্জায় আয়নার ব্যবহারও বেশ জনপ্রিয় একটি কৌশল। বড় আয়নায় আলোর প্রতিফলন তৈরি হয়, যা ঘরকে আরও উন্মুক্ত দেখাতে সাহায্য করে। বিশেষ করে জানালার বিপরীতে আয়না রাখলে প্রাকৃতিক আলো প্রতিফলিত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

ছোট অন্দরে কিছু গাছপালা রাখলেও পরিবেশ অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। ছোট ইনডোর প্ল্যান্ট ঘরে সতেজতা এনে দেয়। পাশাপাশি ডিফিউজারের মাধ্যমে হালকা সুগন্ধ বা প্রশান্তিদায়ক সাউন্ড ব্যবহার করলে ছোট ঘরেও স্বস্তিকর পরিবেশ তৈরি করা সম্ভব।

অল্প জায়গার ঘরকে সুন্দর করে তোলার মূল রহস্য আসলে সঠিক পরিকল্পনা ও ভারসাম্যে। সীমিত জায়গাতেও যদি আলো, রং, আসবাব ও গুছিয়ে রাখার বিষয়গুলো গুরুত্ব দিয়ে সাজানো যায়, তাহলে ছোট ঘরও হয়ে উঠতে পারে আরামদায়ক ও প্রশান্তিময়।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed