নিউইয়র্ক স্টেট অ্যাসে¤^লির ডিস্ট্রিক্ট ৩০ নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান প্রার্থী শামসুল হকের পাশে কমিউনিটির মানুষ ছাড়াও আমেরিকার মূলধারার রাজনীতিবিদরা রয়েছেন| প্রার্থী হিসেবে তাকে সমর্থন জানিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স| কুইন্সের কর্মজীবী পরিবার, অর্থনৈতিক ন্যায়বিচার, স্বাস্থ্যসেবার সুযোগ এবং তৃণমূল নেতৃত্বের প্রতি শামসুল হকের অঙ্গীকারের কথা উল্লেখ করেন| শামসুল হক বলেন, বার্নি স্যান্ডার্স তার কর্মজীবন জুড়ে কর্মজীবী মানুষের অধিকার, স্বাস্থ্যসেবাকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা, অর্থনৈতিক ন্যায়বিচার এবং অভিবাসী কমিউনিটির মর্যাদার জন্য লড়াই করেছেন| তার সমর্থন পাওয়া আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এ একই মূল্যবোধ আমার জীবন এবং এই প্রচারণাকে গড়ে তুলেছে|
শামসুল হক দীর্ঘদিনের উডসাইড বাসিন্দা এবং এনওয়াইপিডিতে দুই দশকেরও বেশি সময় জনসেবায় কাজ করে সংস্থাটির ইতিহাসে প্রথম বাংলাদেশি-মুসলিম লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে গত বছর অবসর গ্রহণ করেছেন| তার কর্মজীবন জুড়ে তিনি তার কাজকে ন্যায়বিচার, সততা, স্বচ্ছতা এবং দায়িত্বশীল জনসেবার মাধ্যমে কমিউনিটিকে সুরক্ষিত রাখার অঙ্গীকারের ওপর ভিত্তি করে দেখেছেন|
শামসুল হক উডসাইড, এলমহার্স্ট, জ্যাকসন হাইটস এবং মাসপেথ জুড়ে সাশ্রয়ী জীবনযাত্রা, ভাড়াটিয়াদের সুরক্ষা, স্বাস্থ্যসেবার সুযোগ, অভিবাসী অধিকার, ইউনিয়ন চাকরি এবং কমিউনিটিকেন্দ্রিক জননিরাপত্তার প্ল্যাটফর্ম নিয়ে নির্বাচনে লড়ছেন|
শামসুল হক বলেন, সিনেটর স্যান্ডার্স লাখ লাখ মানুষকে, বিশেষ করে অভিবাসী, তরুণ এবং কর্মজীবী কমিউনিটিকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছেন যে, সরকার সাধারণ মানুষের জন্য লড়াই করতে পারে এবং করা উচিত| এ সমর্থন শুধু আমাদের প্রচারণার বিষয় নয়| এটি ন্যায়বিচার, সুযোগ এবং কুইন্সের প্রকৃত প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি আন্দোলন গড়ে তোলার বিষয়|





Add comment