৫০ ডলারে বিশ্বকাপের টিকিট দেবেন মেয়র মামদানি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে টিকিট, যাতায়াত, আবাসন ও গাড়ি পার্কিং ভাড়া ব্যাপকভাবে বাড়ার অভিযোগ উঠেছে| ডায়নামিক প্রাইসিং পদ্ধতির কারণে একই ভেন্যুতেও ম্যাচভেদে টিকিটের দাম রাখা হয়েছে ভিন্ন ভিন্ন|
এর মধ্যেই বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহ আগে নিউইয়র্কের বাসিন্দাদের জন্য মাত্র ৫০ ডলারে (প্রায় ৬১০০ টাকা) ১০০০টি টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি|
ঘোষণা অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ইভেন্টের জন্য নিউইয়র্কের ৮০ লাখের বেশি বাসিন্দার মধ্যে ৫০ ডলারের এক হাজার টিকিট ছাড়া হবে| হারলেমের লিটল সেনেগাল এলাকায় একবারে যুক্তরাষ্ট্র পুরুষ ফুটবল দলের ফরোয়ার্ড টিমোথি উইয়াহকে নিয়ে উপস্থিত হয়ে মামদানি বলেন, ‘এটিকে তুলনা করলে বলা যায়, নিউইয়র্ক সিটিতে এটি পাঁচ কাপ লাটের (জনপ্রিয় একটি কফি) দামের সমান|’
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আসনসংখ্যা প্রায় ৮২ হাজার| সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আটটি ম্যাচের মধ্যে সাতটির জন্য প্রতি ম্যাচে প্রায় ১৫০টি করে টিকিট বরাদ্দ রাখা হবে| তবে ১৯ জুলাইয়ের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ এই তালিকার বাইরে থাকবে| বর্তমানে সেই ম্যাচের কিছু টিকিটের দাম প্রায় ৩৩ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে| মেয়র আরও জানিয়েছেন, টিকিটধারীদের জন্য স্টেডিয়ামে যাতায়াতে বিনামূল্যের যাওয়া-আসার বাস সুবিধা থাকবে| আগামী ২৫ মে থেকে লটারির মাধ্যমে এসব টিকিট বিতরণ শুরু হবে|
তিনি বলেন, বিতরণ করা টিকিট যেন শুধুমাত্র নিউইয়র্ক সিটির বাসিন্দারাই পান এবং সেগুলো যেন ফের বাজারে বিক্রি না হয়, তা নিশ্চিত করা হবে| টিকিটগুলো হস্তান্তরযোগ্য হবে না এবং বাসিন্দাদের যাচাইয়ের জন্য নগর কর্তৃপক্ষ বিভিন্ন উপায় চালু করবে| ম্যাচের দিন বাসে ওঠার সময় সরাসরি সমর্থকদের হাতে তুলে দেওয়া হবে টিকিট| আমরা নিশ্চিত করছি, যেসব শ্রমজীবী মানুষ এই খেলাটির জনপ্রিয়তায় ভূমিকা রেখেছেন, তারা যেন খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত না হন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed