যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘লিফট’ প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কজিতো, এরগো সুম’-এর জন্য তিনি মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক ও সেরা ননফিকশন বিভাগে দুটি পুরস্কার পেয়েছেন।
‘দ্য ওয়াটার রিডার্স’ নির্মাণের জন্য লিফট প্রোগ্রামের আওতায় নির্বাচিত পাঁচ নির্মাতার একজন আহমেদ তাহসিন শামস। ইন্ডিয়ানার স্থানীয় বাস্তব গল্প তুলে ধরতে নির্বাচিত প্রত্যেক নির্মাতাকে পাঁচ হাজার মার্কিন ডলার অনুদান ও মেন্টরশিপ দেওয়া হচ্ছে। আগামী জুলাইয়ে ইন্ডি শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্রটিতে ইন্ডিয়ানার ছোট নদী ও খালকে কেন্দ্র করে জলজ প্রাণী এবং কমিউনিটি সায়েন্সের মাধ্যমে নদীর স্বাস্থ্য, পরিবেশ ও দূষণের ইতিহাস তুলে ধরা হবে।
এর আগে গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে ‘কজিতো, এরগো সুম’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালক ও সেরা ননফিকশন বিভাগে দুটি পুরস্কার অর্জন করেন।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের মিডিয়া আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভাগে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাঁর গবেষণার ক্ষেত্র পরিবেশভিত্তিক মিডিয়া, পরিবেশকেন্দ্রিক প্রামাণ্যচিত্র নির্মাণ এবং সমালোচনামূলক শিক্ষাপদ্ধতি।





Add comment