যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ প্রতি মাসে গ্রাহকরা আর পরিশোধ করতে পারছেন না। কারণ তাদের আর্থিক অবস্থা আগের মতো নেই। তথ্য অনুযায়ী, আমেরিকানদের মোট ক্রেডিট কার্ড বকেয়া দাঁড়িয়েছে রেকর্ড প্রায় ১ দশমিক ২৭৭ ট্রিলিয়ন ডলার। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের সর্বশেষ ডেটা অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে এ পরিমাণ ঋণ বেড়ে গেছে, যা আগের প্রান্তিকের তুলনায়ও বেশি। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে এ ঋণের পরিমাণ ছিল ১ দশমিক ২৩৩ ট্রিলিয়ন ডলার, যা এক প্রান্তিকে আবার বেড়ে নতুন রেকর্ড গড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বছরের শেষ প্রান্তিকে সাধারণত ঋণ বাড়ে, তবে এ বৃদ্ধির হার সাম্প্রতিক বছরগুলোতে আরও তীব্র হয়েছে।
সাম্প্রতিক এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ১১১ মিলিয়ন মানুষ বা মোট ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের প্রায় ৫০ শতাংশ এখন প্রতি মাসে পুরো বিল পরিশোধ করতে পারছেন না। দ্য সেঞ্চুরি ফাউন্ডেশন এবং ভোক্তা অধিকার সংগঠন প্রটেক্ট বরোয়ার্স-এর গবেষণায় দেখা গেছে, এ সংখ্যা পাঁচ বছর আগে ছিল প্রায় ৯৫ মিলিয়ন, যা এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গবেষকরা বলছেন, জ্বালানি ও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেক পরিবার এমন পরিস্থিতিতে পড়েছে যেখানে মাসিক খরচ মেটাতে গিয়ে ক্রেডিট কার্ড ঋণই তাদের প্রধান ভরসা হয়ে উঠেছে। জ্বালানি মূল্য হঠাৎ বেড়ে যাওয়ায় অর্থনৈতিক চাপ আরও তীব্র হয়েছে।





Add comment