নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আম্রেলা সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র এবারের নির্বাচনে রেকর্ড ভোটার সদস্য নিবন্ধন হয়েছেন| নির্বাচন কমিশনের চূড়ান্ত যাচাই শেষে ১ জুলাই মোট ৩৫ হাজার ৩২১ জন ভোটার তালিকা নিশ্চিত করে তথ্য দিয়েছেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী| এরমধ্যে আজীবন সদস্য ১০২৬ এবং নতুন সদস্য ৩৪২৯৫ জন| নতুন আজীবন সদস্য হয়েছেন ১৬ জন| সব মিলিয়ে মোট আয় হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৪০০ ডলার| বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ইতোমধ্যে আবু নাসেরকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করেছে| কমিশন প্রাথমিক কার্যক্রম শুরু করেছে এবং চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেলেই নির্বাচনী তফসিলসহ পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে|
কার্যকরী কমিটি ভোটার হওয়ার শেষ সময় নির্ধারণ করেছিল ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত| নির্ধারিত সময়ের মধ্যে যারা সোসাইটির কার্যালয়ে প্রবেশ করেছেন, তাদের আবেদন গ্রহণ করা হয়| এবারের নির্বাচনে দুটি প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে| একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী| অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু এবং সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ|
৩০ জুন বিকেল থেকেই সোসাইটির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটার আবেদন জমা দেওয়া শুরু হয়| প্রথমে কুনু-ফিরোজ প্যানেল তাদের সদস্য ফর্ম জমা দেন| পরে সেলিম-আলী প্যানেলের পক্ষ থেকে বিপুলসংখ্যক আবেদন জমা দেওয়া হয়| ভোটার আবেদন জমা দেওয়ার সময় সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদসহ সোসাইটির বর্তমান ও সাবেক কর্মকর্তা, ট্রাস্টি বোর্ডের সদস্য, নির্বাচন কমিশনের সদস্য এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন|





Add comment