‘ঐক্যের সুতায় নকশী গাঁথুন, নতুন বছরে আনন্দে বাঁচুন’ এই স্লোগানকে সামনে রেখে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ ১৪৩৩। গত ৩ মে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরনগর এলামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার (জেএএএ) আয়োজনে সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন। প্রথমবারের মতো যোগ দেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলামনাই অ্যাসোসিয়েশন।
বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা আহ্বান করেন উৎসবের আহ্বায়ক মেঘনা পাল এবং সদস্য সচিব প্রশান্ত মল্লিক অয়ন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহফুজুল হক এবং অল কাউন্টি হেলথ কেয়ারের চেয়ারম্যান শিফা আমিন।
অনুষ্ঠানের শুরুতেই ‘আইলো আইলো আইলো রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে’ গানটির সাথে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন জাহাঙ্গীরনগর এলামনাই ও পরিবার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক মেঘনা পাল, সদস্য সচিব প্রশান্ত মল্লিক অয়ন এবং সকল যুগ্ম আহ্বায়কগণ। তারা হলেন এম এস আলম (ঢাবি), ফতেহ নূর আলম বাবু (রাবি), সাবিনা শারমিন নিহার (চবি), বেলায়েত চৌধুরী (সাস্ট), এম এ রশিদ (শেরে বাংলা) ও রাজ্জাক চৌধুরী।





Add comment