যুক্তরাষ্ট্রে ঝড়ে প্রাণহানি, বিদ্যুৎবিচ্ছিন্ন হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের সঙ্গে বয়ে যাওয়া ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গতকাল শনিবার হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। এই দুর্যোগে একজনের মৃত্যুর খবরও জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়া, এই তিনটি বড় শহরই পড়েছিল তথাকথিত ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে, যার নামকরণ করা হয়েছে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের ভিত্তিতে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ আগে থেকেই সম্ভাব্য বড় ধরনের বন্যা এবং সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছিল, গতকাল বিকেলে উত্তর-মধ্য আটলান্টিক ও দক্ষিণ নিউ ইংল্যান্ড উপকূলের কাছাকাছি ঝড়টি অবস্থান করছিল, যেখানে সে সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল।

পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি গতকাল রাতের দিকে নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে এগিয়ে যাবে এবং আজ রোববার সকাল নাগাদ ওই অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। এনডব্লিউএস আরও জানিয়েছে, পূর্ণিমার কারণে সপ্তাহজুড়ে একাধিক জোয়ারের সময় মধ্য আটলান্টিক উপকূলে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে, যার ফলে উপকূলীয় এলাকাগুলোয় ব্যাপক বন্যার আশঙ্কা করা হচ্ছে।

নিউইয়র্কের গভর্নর জানিয়েছেন, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের উপকূলীয় এলাকায় গতকাল একটি শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং এই সপ্তাহান্তে কেউ পানিতে বা পানির কাছাকাছি গেলে তা তাঁর জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।

ব্রুকলিনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর উপড়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন বলে জানিয়েছে বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইট।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিনে লং আইল্যান্ডে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে পরিস্থিতি আরও দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গভর্নর জানান, কিছু এলাকায় প্রায় ২০ ফুট বা ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কের মেয়র শহরটির বাসিন্দাদের সতর্ক করে বলেন, ঝোড়ো বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই প্রয়োজন না হলে বাসিন্দাদের অহেতুক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

ঝড়বৃষ্টির প্রভাবে গতকাল সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু বোস্টনের একটি প্রধান বিমানবন্দরেই বাতিল হয়েছে ২৫৩টি ফ্লাইট। ফ্লাইট পর্যবেক্ষণকারী একটি সংস্থার তথ্য অনুযায়ী, পুরো অঞ্চলজুড়েই ফ্লাইট চলাচলে উল্লেখযোগ্য দেরি দেখা দিয়েছে। জেট ব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসসহ বেশ কয়েকটি বড় বিমান সংস্থা যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে, তবে যাত্রীরা অতিরিক্ত ফি ছাড়াই তাঁদের ফ্লাইট পরিবর্তনের সুযোগ পাচ্ছেন।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই সময়েই নিউইয়র্কে অবস্থান করছেন। ঝোড়ো বাতাসের কারণে সংবাদমাধ্যমগুলোকে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে স্থাপিত সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed