ইউরোপে পড়ালেখার পাশে খণ্ডকালীন আয় বেশি যেসব দেশে

ইউরোপ দীর্ঘদিন ধরেই উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইউরোপে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করার সুযোগ পান। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টার সীমা ও মজুরির পরিমাণে যথেষ্ট পার্থক্য রয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি আয়ের সুযোগ রয়েছে আইসল্যান্ডে। এখানে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২২ দশমিক ৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন এবং ঘণ্টাপ্রতি আয় হতে পারে প্রায় ১৬ থেকে ১৮ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫৩৯ টাকার সমান। এই হিসাবে মাসে গড়ে প্রায় ১ হাজার ৬০৬ ইউরো বা প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা আয় করা সম্ভব।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নরওয়ে, যেখানে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন এবং ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৬ দশমিক ৮৬ ইউরো, অর্থাৎ প্রায় ২ হাজার ৩৭৭ টাকা। এতে মাসিক আয় দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৪৯০ ইউরো বা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা আয়ারল্যান্ডে শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটির সময় সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত কাজের সুযোগ রয়েছে, যেখানে ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৩ দশমিক ৫০ ইউরো বা প্রায় ১ হাজার ৯০৪ টাকা। এই হিসাবে মাসিক গড় আয় দাঁড়ায় প্রায় ১ হাজার ১৭০ ইউরো বা প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা।

চতুর্থ স্থানে থাকা ডেনমার্কে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন, যেখানে ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৪ দশমিক ৭৪ ইউরো বা ১১০ ড্যানিশ ক্রোনার সমান, অর্থাৎ প্রায় ২ হাজার ৭৮ টাকা। মাসিক গড় আয় দাঁড়ায় প্রায় ৮ হাজার ৫০০ ক্রোনা বা ১ হাজার ১৩৮ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখানে বেশির ভাগ শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। সেখানে ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ২১ পাউন্ড বা ১৪ দশমিক ৯ ইউরো, অর্থাৎ প্রায় ২ হাজার টাকা। মাসিক আয় হতে পারে প্রায় ৯৭৭ পাউন্ড বা ১ হাজার ১২৭ ইউরো, যা প্রায় ১ লাখ ৫৯ থেকে ৬০ হাজার টাকার সমান।

তালিকার ষষ্ঠ স্থানে থাকা সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সাপ্তাহিক কর্মঘণ্টার কোনো আইনি সীমা না থাকলেও বেশির ভাগ শিক্ষার্থী সপ্তাহে গড়ে প্রায় ২০ ঘণ্টা কাজ করে থাকেন এবং মাসিক গড় আয় দাঁড়ায় প্রায় ১২ হাজার ৫০৩ সুইডিশ ক্রোনা বা ১ হাজার ১১৩ ইউরো, যা প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকার সমান।

সপ্তম স্থানে থাকা স্পেনে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন, যেখানে ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ৯ দশমিক ২৬ ইউরো বা প্রায় ১ হাজার ৩০৬ টাকা এবং মাসিক গড় আয় দাঁড়ায় প্রায় ১ হাজার ১১১ ইউরো বা প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা।

জার্মানিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজের অনুমতি পান, যেখানে ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১২ দশমিক ৮২ ইউরো বা প্রায় ১ হাজার ৮০৮ টাকা এবং মাসিক আয় দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ১১১ ইউরো বা প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা।

নবম স্থানে থাকা বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। সেখানে ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ৮২ ইউরো বা প্রায় ১ হাজার ৮০৮ টাকা এবং মাসিক আয় দাঁড়ায় প্রায় ১ হাজার ৫৩ ইউরো বা প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা।

তালিকার সবশেষ অবস্থানে থাকা লুক্সেমবার্গে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন। কর্মঘণ্টার সীমা তুলনামূলক কম হলেও সেখানে ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৮ ইউরো বা প্রায় ২ হাজার ৫৩৯ টাকা, ফলে মাসিক গড় আয় দাঁড়ায় প্রায় ১ হাজার ৮০ ইউরো বা প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, সাপ্তাহিক কর্মঘণ্টার সীমা কম হলেও ঘণ্টাপ্রতি মজুরির পরিমাণ বেশি হওয়ায় আইসল্যান্ড, নরওয়ে ও লুক্সেমবার্গের মতো দেশগুলো খণ্ডকালীন আয়ের দিক থেকে তুলনামূলক এগিয়ে আছে। ফলে উচ্চশিক্ষার জন্য দেশ নির্বাচনের ক্ষেত্রে পড়াশোনার মানের পাশাপাশি এই আর্থিক দিকটিও অনেক শিক্ষার্থীর কাছে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠছে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed