যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রে ওষুধের দাম রেকর্ড পরিমাণ কমার খবরে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সামনে দ্য ওয়াশিংটন পোস্টের একটি খবর তুলে ধরে একে নিজের সাফল্য হিসেবে জাহির করেছেন তিনি। কিন্তু সেই খবরের ভেতরের তথ্য বলছে অন্য কথা। বিশেষজ্ঞদের মতে, ওষুধের দাম কমার পেছনে ট্রাম্প প্রশাসনের নীতির চেয়ে তার পূর্বসূরি জো বাইডেনের আমলে নেওয়া পদক্ষেপের প্রভাবই বেশি।
শনিবার (১৫ আগস্ট) ট্রাম্পের ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে হোয়াইট হাউজ। ছবিতে ট্রাম্পের হাতে দেখা যায় ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘প্রেসক্রিপশন ওষুধের দাম ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে দ্রুত কমেছে।’

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এক পরিকল্পিত ফটো-অপের সময় ট্রাম্প নিজেই ওই খবরের কাগজ হাতে তুলে ধরেছিলেন। খবরের শিরোনামের পাশাপাশি প্রতিবেদনের প্রথম পাঁচটি লাইনও কাগজে দেখা যাচ্ছিল।
সাংবাদিকদের ছবি তুলতে এবং তা রেকর্ড করতে উৎসাহিত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আজকের শিরোনাম ঠিক এটাই। দেখেছেন?’এর পর খবরটির ইতিবাচক অংশ সাংবাদিকদের পড়ে শোনান তিনি। ক্যামেরার সামনে আবার কাগজটি তুলে ধরে জানতে চান, ‘সবাই পেয়েছেন তো? আমি বলেছিলাম, এমনটাই হবে।’

সাংবাদিকদের এই খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেন ট্রাম্প। দুই হাত ছড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘প্রেসক্রিপশন ওষুধের দাম ৬০ বছরের মধ্যে যে কোনও সময়ের তুলনায় বেশি কমেছে। আর কী বলব?’

ট্রাম্প যে খবরটি হাতে তুলে ধরে নিজের সাফল্য হিসেবে দেখাচ্ছিলেন, সেই ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটিই তার দাবির সঙ্গে পুরোপুরি একমত নয়। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে গত বছরের একই সময়ের তুলনায় প্রেসক্রিপশন ওষুধের দাম ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। ট্রাম্প প্রশাসন এর কৃতিত্ব দাবি করলেও স্বাধীন বিশেষজ্ঞেরা মনে করছেন, দাম কমার পেছনে বাইডেন আমলের একটি নীতির প্রভাবই বেশি। সেই নীতির নাম ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট’।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed