বিজয়ের পথে নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩০ নির্বাচনে বাংলাদেশি বংশোদভূত শামসুল হক মাত্র ২ ভোটে পিছিয়ে আছেন| গত বুধবার শামসুল হকের নির্বাচনী টীমকে বোর্ড অব ইলেকশন এ তথ্য প্রদান করেছে| ২৩ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনের প্রাথমিক ফলাফলে তিনি ১৩ ভোটে পিছিয়ে ছিলেন| বিজয়ী প্যাট্রিক মার্টিনেজ পান ২৭০৩ ভোট| শামসুল হক পেয়েছিলেন ২৬৯০|
সর্বশেষ পোষ্টাল ব্যালট গণনার পর ব্যবধান এখন ২ ভোট| এখনও আউটস্ট্যান্ডিং ৬টি ভোট রয়েছে| এ গুলোর নিষ্পত্তি হলে ফলাফলের চিত্র পাল্টেও যেতে পারে| ২ প্রার্থীর ব্যবধান শতকরা .০৫ এর কম হলে ভোট ম্যানুয়ালি গণনার বিধান রয়েছে| আগামী ১৪ জুলাই ম্যানুয়ালি গণনা হবে| এ সময় উভয় প্রার্থীর লিগ্যাল টিম উপস্থিত থাকবেন| প্রার্থী শামসুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মধ্য জুলাই ব্যালট হাতে গণনা শুরু হবে| বোর্ড অব ইলেকশন ২ ভোটের ব্যবধানের কথা জানিয়েছে| দোয়া করবেন ব্যবধান কমে আশার খবর যেন আসে| তিনি সকল বাংলাদেশিদের কাছে দোয়া কামনা করেছেন|





Add comment