ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি| তবে তাকে ওই পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করার স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই| সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’ বলে উল্লেখ করেন|
তিনি বলেন, তার প্রশাসন খতিয়ে দেখেছে, নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনো আইনি পথ রয়েছে কি না| এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা| মামদানি বলেন, আমাদের প্রশাসন প্রযোজ্য আইনের আওতায় সম্ভাব্য সব পথ পর্যালোচনা করেছে, যাতে বোঝা যায় বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সম্ভব কি না| কিন্তু আমরা দেখেছি, এ ধরনের পরোয়ানা কার্যকর করার ক্ষমতা কেবল ফেডারেল সরকারের হাতে রয়েছে|
তবে তিনি স্পষ্ট করে বলেন, আমি এটাও পরিষ্কার করে বলতে চাই- বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না| একইভাবে, মুক্ত অবস্থায় থাকা অন্য কোনো যুদ্ধাপরাধীকেও এখানে স্বাগত জানানো হবে না| মামদানির এই বক্তব্য এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না|





Add comment