নিউইয়র্ক সিটিতে প্রবীণ সেবাকেন্দ্র চালু মামদানির

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ২৫ বছর ধরে বন্ধ থাকা প্রবীণদের একটি সেবাকেন্দ্র আবার চালু হয়েছে। নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংস্কার করা এই তিনটি কেন্দ্র থেকে প্রায় পাঁচ হাজার বাসিন্দা উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে কেন্দ্রটি পুনরায় চালুর দাবিতে কাজ করে আসা স্থানীয় বাসিন্দাদের জন্য এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গত ২২ অক্টোবর মেয়র জোহরান মামদানি স্থানীয় বাসিন্দা ও নগর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইডেনওয়াল্ড হাউসেসের কেন্দ্রটির পুনরায় উদ্বোধন করেন। একই দিনে আবাসন এলাকায় কমিউনিটি সেন্টার ও শিশু পরিচর্যাকেন্দ্রও নতুন করে চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মামদানি বলেন, ইডেনওয়াল্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে তাদের প্রয়োজনীয় আবাসন ও কমিউনিটি সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করেছেন। নতুন করে চালু হওয়া কেন্দ্রগুলো বাসিন্দাদের একত্র হওয়ার, বিভিন্ন সেবা পাওয়ার এবং নিজেদের কমিউনিটির সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জায়গা হবে। এনওয়াইসিএইচএ কর্তৃপক্ষও জানিয়েছে, আবাসনের পাশাপাশি কমিউনিটি অবকাঠামো উন্নত করা বাসিন্দাদের জীবনযাত্রার মান বাড়ানোর গুরুত্বপূর্ণ অংশ।

কেন্দ্রগুলো আবার চালু হওয়াকে তাই স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণের পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। পুনরায় চালু হওয়া প্রবীণদের কেন্দ্রটির নাম রাখা হয়েছে ওয়াল্টার জে. ম্যাকনিল সিনিয়র সেন্টার। ইডেনওয়াল্ড টেন্যান্ট অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সভাপতি ওয়াল্টার ম্যাকনিল কেন্দ্রটি পুনরায় চালুর দাবিতে বাসিন্দাদের নিয়ে আন্দোলন করেছেন। তার নেতৃত্বে স্থানীয়রা দীর্ঘ ২৫ বছর ধরে কেন্দ্রটি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে আসছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাকনিল বলেন, এই উদ্যোগের পেছনে অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে এবং দীর্ঘ লড়াইয়ের পর কেন্দ্রটি ফিরে পাওয়া তাদের জন্য আনন্দের। কেন্দ্রটির নতুন নামকরণ করা হয়েছে কমিউনিটির প্রতি তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে। সংস্কারের পর প্রবীণদের কেন্দ্রটিতে বাণিজ্যিক রান্নাঘর, অনুষ্ঠান আয়োজনের জায়গা ও কম্পিউটার ল্যাব যুক্ত হয়েছে। পাশাপাশি প্রবীণদের জন্য সামাজিক সেবা সম্প্রসারণ করা হয়েছে। ব্রঙ্কসভিত্তিক অলাভজনক সংস্থা রিজিওনাল এইড ফর ইন্টারিম নিডস বা রেইন (জ.অ.ও.ঘ.) কেন্দ্রটির মাধ্যমে খাবার ও যাতায়াত সহায়তা দেবে। এসব সুবিধার লক্ষ্য হলো প্রবীণদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের সামাজিক যোগাযোগ ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো। কেন্দ্রটি চালু হওয়ায় স্থানীয় প্রবীণদের এক জায়গায় মিলিত হওয়া এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগও বাড়বে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed