যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত ২২ অক্টোবর নিউ মেক্সিকোর সেকেন্ড জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রান্সিস জে. ম্যাথিউ এ আদেশ দেন।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হয়, সে বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার দায়ে গত সেপ্টেম্বরে জুরি বোর্ড মেটাকে দায়ী সাব্যস্ত করার পর এ রায় এলো। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল টোরেজের ভাষ্য অনুযায়ী, এটি মেটার বিরুদ্ধে আরোপিত সবচেয়ে বড় জরিমানার আদেশ।
আদালতের বিচারক ফ্রান্সিস জে. ম্যাথিউ তার রায়ে বলেন, ফেসবুকের প্রতারণামূলক আচরণ ছিল ইচ্ছাকৃত। কোম্পানিটির নির্বাহীরা প্ল্যাটফর্মটি কীভাবে কাজ করে, সে বিষয়ে ধারাবাহিকভাবে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছেন। বিচারকের ভাষ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীদের আশ্বাস দিয়েছিল যে তারা নিজেদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি সত্য ছিল না।
গত সেপ্টেম্বরে জুরি বোর্ডের সিদ্ধান্তে বলা হয়, ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মেটা নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন ৪ কোটি ৩০ লাখের বেশি বার লঙ্ঘন করেছে। এ মামলার সূত্রপাত হয় রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও রাজনৈতিক বিজ্ঞাপনে ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এসব তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক রাজনৈতিক বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল।
নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল টোরেজ বলেন, এ রায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সতর্কবার্তা। ব্যবহারকারীদের অধিকার লঙ্ঘন করলে অঙ্গরাজ্য যে তাদের জবাবদিহির আওতায় আনবে, এ সিদ্ধান্ত তার স্পষ্ট বার্তা দিচ্ছে। তবে মেটা এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।





Add comment