যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী। নির্ধারিত মাসিক সময়সূচি অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) অর্থ পাবেন যেসব উপকারভোগীর জন্ম মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে। এরপর জন্মতারিখ অনুযায়ী অক্টোবরের বাকি দিনগুলোতেও পর্যায়ক্রমে সুবিধাভোগীদের অর্থ পাঠানো হবে।
যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের পাশাপাশি যোগ্য অন্যান্য ব্যক্তির জন্যও সামাজিক নিরাপত্তার অর্থ গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। অনেকেই এই অর্থ দিয়ে বাড়িভাড়া, খাবার, চিকিৎসা, বিদ্যুৎ-গ্যাসের বিলসহ দৈনন্দিন ব্যয় মেটান। তাই প্রতি মাসে ঠিক কোন তারিখে অর্থ পাওয়া যাবে, তা জানা উপকারভোগীদের জন্য জরুরি।
সাধারণ নিয়ম অনুযায়ী, যেসব ব্যক্তি ১৯৯৭ সালের ১ মে বা তার পরে সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়া শুরু করেছেন, তাদের অর্থ পাঠানোর তারিখ নির্ধারিত হয় জন্মতারিখের ভিত্তিতে। মাসের কোন তারিখে জন্ম, তার ওপর নির্ভর করে সাধারণত মাসের দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ বুধবাওে অর্থ দেওয়া হয়।
১৪ অক্টোবর যারা অর্থ পাবেন না, তাদের জন্যও মাসের পরবর্তী বুধবারগুলোতে নির্ধারিত কিস্তি পাওয়ার সুযোগ রয়েছে। তবে এই সময়সূচি মূলত জন্মতারিখভিত্তিক নিয়মের আওতায় থাকা উপকারভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু সুবিধাভোগীর জন্য আলাদা নিয়ম রয়েছে।
যারা ১৯৯৭ সালের মে মাসের আগে থেকেই সামাজিক নিরাপত্তা সুবিধা পেয়ে আসছেন, তাদের অনেকের অর্থ সাধারণত প্রতি মাসের ৩ তারিখে দেওয়া হয়। তবে ওই তারিখ সপ্তাহান্ত বা সরকারি ছুটির দিনে পড়লে আগের কার্যদিবসে অর্থ পাঠানো হতে পারে। একইভাবে, যারা সামাজিক নিরাপত্তার অর্থের পাশাপাশি সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম বা এসএসআই পান, তাদের ক্ষেত্রেও আলাদা সময়সূচি প্রযোজ্য হতে পারে।
এসএসআই মূলত সীমিত আয় ও সম্পদসম্পন্ন যোগ্য প্রবীণ, দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়। সাধারণত প্রতি মাসের প্রথম কার্যদিবসে এই অর্থ দেওয়া হয়। অক্টোবর মাসের এসএসআই অর্থ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিতরণ করা হয়েছে।





Add comment