ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে মস্কোর ওপর চাপ অব্যাহত রাখতে প্রায় ১ হাজার ৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ব্রাসেলস থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করার অংশ হিসেবে নতুন করে বিপুলসংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে ইইউ।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এ পদক্ষেপকে রাশিয়ার যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার তালিকায় সবচেয়ে বড় সম্প্রসারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘রাশিয়া যুদ্ধ শুরু করার পর থেকে নিষেধাজ্ঞার তালিকায় এটিই সবচেয়ে বড় সম্প্রসারণ। ইউরোপ আবারও ঐক্যবদ্ধ অবস্থান দেখাচ্ছে।’ কালাস আরও জানান, নতুন করে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর অর্ধেকেরও বেশি রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধে মস্কোর ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বজায় রাখার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার সামরিক উৎপাদন ও যুদ্ধসংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।





Add comment