যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে ঘিরে হৃদয়বিদারক পরিণতি সামনে এসেছে। আগে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর এবার নিশ্চিত হওয়া গেছে, নিখোঁজ থাকা নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ফোনে তাকে এ তথ্য দিয়েছে। বাসার ভেতরে পাওয়া রক্তাক্ত একটি দেহাংশের সঙ্গে ডিএনএ পরীক্ষায় নাহিদার মিল পাওয়া গেছে। তবে তার পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নয়।
এর আগে, প্রায় ৮–১০ দিন নিখোঁজ থাকার পর জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)-কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জামিল ও নাহিদা—দুজনই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। জামিল ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ সূত্রে জানা যায়, সর্বশেষ ১৬ এপ্রিল সকালে তাদের আলাদাভাবে ক্যাম্পাসে দেখা যায়। পরদিন পরিবারের সঙ্গে যোগাযোগ না হওয়ায় বিষয়টি জানানো হলে দুটি নিখোঁজ ডায়েরি করা হয় এবং তদন্ত শুরু করে পুলিশ।
এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগ নেমে এসেছে। তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে, পুরো ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।





Add comment