নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণাঢ্য অভিষেক

‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের’ নতুন কার্যকরী কমিটির অভিষেক বর্ণাঢ্যভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পেশাগত দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশা এগিয়ে চলছে। বিশেষ করে ‘এথনিক জার্নালিজম’ সহজ নয়। তারপরও কমিউনিটির মিডিয়াগুলো সাধ্যমতো দায়িত্ব পালন করে চলেছে, যা প্রশংসার দাবি রাখে।

সিটির উডসাইডের গুলশান টেরেসে সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস কংগ্রেসের অন্যতম প্রভাবশালী সদস্য গ্রেগ মেং এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা।

পবিত্র কোরআন তেলাওয়াতের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ। এরপর দেশ-বিদেশের নিহত সকল সাংবাদিকের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। পরবর্তীতে ক্লাবের ২০২৬-২০২৭ সালের নতুন কার্যকরী কমিটি পরিচয় করিয়ে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের। এসময় কমিশনের সদস্য এবিএম সালেহউদ্দীন ও মোহাম্মদ কাজল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কর্মকর্তারা হলেন- সভাপতি মনোয়ারুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আবিদুর রহীম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, সহসাধারণ সম্পাদক মাহাথির ফারুকী, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম, রওশন হক, ফারুক হোসেন এবং শাহ আহমদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম ফজলে রশীদ স্মরণে প্রবর্তিত ‘ফজলে রশীদ পদক-২০২৬’ প্রদান করা হয়।

এ বছর এই পদকের জন্য মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক, লেখক, অনুবাদক এবং ক্লাবের অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, সাপ্তাহিক ঠিকানা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, ক্লাবের উপদেষ্টা তাসের খান মাহমুদ তার হাতে ক্রেস্ট তুলে দেন।

এর আগে আনোয়ার হোসেন মঞ্জুর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ক্লাবের সাবেক সহসভাপতি শেখ সিরাজুল ইসলাম।

এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএস সদস্য গ্রেগ মেং-এর পক্ষ থেকে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ‘ইউএস কংগ্রেশনাল রিকগনিশন’ প্রদান করা হয়।

পরবর্তীতে ‘ভয়েস–৫’ শীর্ষক স্মরণিকা উন্মোচন করা হয়। এটি উন্মোচন করেন প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। এসময় কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারসহ স্মরণিকা সম্পাদনা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed