Bp News USA

লিওনার্দো ডিক্যাপ্রিওর ছবির ছয় পুরস্কার

ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের ৭৯তম আসরে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে রোববার রাতে অনুষ্ঠিত বাফটা পুরস্কারে ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালনাসহ সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নেয়। সাম্প্রতিক আন্তর্জাতিক পুরস্কার মৌসুমে যেভাবে ছবিটি আলোচনার কেন্দ্রে ছিল, বাফটাতেও সেই ধারা অব্যাহত থাকে।

গভীরভাবে বিভক্ত যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা এই চলচ্চিত্রটি সমালোচক ও দর্শক উভয় মহলের প্রশংসা অর্জন করেছে। পুরস্কার গ্রহণের পর পরিচালক বলেন, দুর্ভাগ্যজনকভাবে ছবির শিরোনাম বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। তাঁর ভাষ্য, একের পর এক সংঘাত যেন চলতেই থাকে, তবু আশাবাদ ধরে রাখতে হবে।

অভিনয় বিভাগে ছিল চমক। প্রত্যাশার তালিকায় এগিয়ে থাকা জনপ্রিয় তারকাদের পেছনে ফেলে ‘আই সয়্যার’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান জিতে নেন তরুণ অভিনেতা রবার্ট অ্যারামায়ো। টুরেট সিনড্রোমে আক্রান্ত এক ব্যক্তির জটিল চরিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পান। পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এমন একটি বিষয়কে সামনে আনা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের সচেতনতা তুলনামূলকভাবে কম।

সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেকসপিয়রের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য জেসি বাকলির হাতে। এই বিভাগের ইতিহাসে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে তিনি বাফটা জয় করলেন। একই সঙ্গে সেরা ব্রিটিশ চলচ্চিত্রের স্বীকৃতিও পেয়েছে ‘হ্যামনেট’।

পার্শ্বচরিত্রে অভিনয়ের বিভাগেও ছিল উল্লেখযোগ্য প্রতিযোগিতা। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাইজেরীয় ব্রিটিশ অভিনেত্রী উনমি মোসাকু, ‘সিনার্স’ ছবির জন্য। আর সেরা পার্শ্ব অভিনেতার সম্মান গেছে শন পেনের ঝুলিতে, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ। বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

যেখানে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পেয়েছে, সেখানে হতাশ করেছে ‘মার্টি সুপ্রিম’। ১১টি মনোনয়ন পাওয়া সত্ত্বেও যশ সাফদির এই সিনেমা একটি পুরস্কারও জিততে পারেনি। অন্যদিকে কারিগরি বিভাগে নজর কাড়ে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’। নকশা, মেকআপসহ বিভিন্ন প্রযুক্তিগত শাখায় মোট তিনটি পুরস্কার জিতে নেয় ছবিটি।

অস্কারে রেকর্ডসংখ্যক মনোনয়ন পাওয়া ‘সিনার্স’ ছবিও বাফটায় শক্ত অবস্থান ধরে রাখে। সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পার্শ্ব অভিনেত্রী ও সেরা সংগীত বিভাগে তিনটি পুরস্কার জেতে এটি। এই স্বীকৃতির মাধ্যমে রায়ান কুগলার মৌলিক চিত্রনাট্য বিভাগে প্রথম কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসেবে ইতিহাস গড়েন। ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে পুরস্কার পেয়েছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সেরা অ্যানিমেশন চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘জুটোপিয়া ২’ এবং সেরা তথ্যচিত্রের স্বীকৃতি পেয়েছে ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’।

বাফটা পুরস্কারকে বরাবরই অস্কারের পূর্বাভাস হিসেবে দেখা হয়। তিন সপ্তাহ পর অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের আগে এই ফলাফল তাই বিশেষ গুরুত্ব বহন করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফটা সভাপতি ও প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী ক্যাথরিন। লালগালিচায় অংশ নেন লিওনার্দো ডিক্যাপ্রিও, মনিকা বেলুচ্চি, অ্যালিসিয়া ভিকান্দর ও আলিয়া ভাটসহ আরও অনেকে। এবারের আয়োজন সঞ্চালনা করেন স্কটিশ অভিনেতা ও পরিচালক অ্যালান কামিং।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed