চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। ইসলামের পবিত্র এই মাসে ধর্মপ্রাণ মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। ভৌগোলিক অবস্থান ও দিনের দৈর্ঘ্যের তারতম্যের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে রোজার সময় সাধারণত ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে পরিবর্তিত হয়।
প্রায় দেড় হাজার বছর আগে এই রমজান মাসেই শেষ নবীর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে মুসলমানরা রোজা পালন করেন। রোজা রাখার সময় দিনের বেলায় খাবার, পানীয়, ধূমপান ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকতে হয়। এর মূল লক্ষ্য তাকওয়া অর্জন, অর্থাৎ স্রষ্টাভীতি ও আত্মসংযমের চর্চা।
কেন প্রতিবছর রমজানের তারিখ বদলায়
ইসলামি বর্ষপঞ্জি হিজরি চান্দ্রবর্ষের ওপর ভিত্তি করে নির্ধারিত। এ ক্যালেন্ডারের মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। সৌরবর্ষের তুলনায় চান্দ্রবর্ষ প্রায় ১১ দিন কম হওয়ায় প্রতি বছর রমজান আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। এই কারণেই রমজান ধীরে ধীরে ঋতুচক্রের ভেতর দিয়ে অগ্রসর হয়।
উত্তর গোলার্ধে বসবাসকারী বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষের জন্য চলতি বছর রোজার সময় কিছুটা কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত তা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। কারণ ওই সময়ের মধ্যে রমজান বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি সময়ে অবস্থান করবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধে অবস্থানকারীদের জন্য রোজার সময় গত বছরের তুলনায় কিছুটা দীর্ঘ হবে।
চান্দ্রবর্ষ ও সৌরবর্ষের ব্যবধানের ফলেই ২০৩০ সালে রমজান দুইবার পালিত হবে। প্রথম দফা শুরু হবে ৫ জানুয়ারি এবং দ্বিতীয় দফা শুরু হবে ২৬ ডিসেম্বর।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে রোজার সময়
বর্তমানে উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করছে। ফলে এ অঞ্চলের দেশগুলোতে রোজার সময় তুলনামূলক কম থাকবে। মাসের শুরুতে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে, যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
অন্যদিকে দক্ষিণ গোলার্ধের চিলি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে বসবাসকারী মুসলিমদের প্রথম দিকে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা রোজা পালন করতে হবে। তবে মাসের শেষের দিকে এ সময় কিছুটা কমে আসবে।
বিভিন্ন শহরের সাহরি ও ইফতারের সময়সূচি
ঢাকা শহরে প্রথম রোজায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। অর্থাৎ প্রথম দিনে রোজার ব্যাপ্তি হবে ১২ ঘণ্টা ৪৩ মিনিট। মাসের শেষ দিনে সাহরির শেষ সময় ভোর ৪টা ৪৭ মিনিট ও ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে, ফলে রোজা দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৩ মিনিট।
নয়াদিল্লি শহরে প্রথম দিনে সাহরির শেষ সময় ভোর ৫টা ৩৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। রোজার সময় ১২ ঘণ্টা ৩৮ মিনিট। শেষ দিনে তা বেড়ে হবে ১৩ ঘণ্টা ২৬ মিনিট।
ইসলামাবাদ শহরে প্রথম রোজা ১২ ঘণ্টা ২৯ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৯ মিনিট।
কুয়ালালামপুর শহরে প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ১১ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।
কলম্বো শহরে প্রথম রোজা ১৩ ঘণ্টা ৬ মিনিট, শেষ দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট।
ব্যাংকক শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ৫৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৭ মিনিট রোজা পালন করতে হবে।
রিয়াদ শহরে প্রথম দিনে রোজা ১২ ঘণ্টা ৪৪ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
দোহা শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
দুবাই শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট ও শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট রোজা থাকবে।
লস অ্যাঞ্জেলেস শহরে প্রথম দিনে রোজা ১২ ঘণ্টা ১৫ মিনিট, শেষ দিনে ১৩ ঘণ্টা ১৪ মিনিট।
জুরিখ শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ১১ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৫০ মিনিট রোজা পালন করতে হবে।
রোম শহরে প্রথম দিনে রোজা ১২ ঘণ্টা ১৯ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৪০ মিনিট।
বিভিন্ন ভাষায় রমজানের শুভেচ্ছা
বিশ্বের নানা প্রান্তে মুসলিমরা নিজ নিজ ভাষায় রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। সবচেয়ে বহুল ব্যবহৃত আরবি সম্ভাষণ ‘রমজান কারিম’, যার অর্থ কল্যাণময় রমজান কামনা। ইংরেজি, বাংলা, উর্দু ও হিন্দিতে ‘রমজান মোবারক’ বলা হয়। ফারসিতে প্রচলিত শুভেচ্ছা ‘মাহে রমজান মোবারক’। তুর্কি ভাষায় বলা হয় ‘রমাজান আয়িনিজ মুবারক ওলসুন’। মালয় ভাষায় ‘সেলামাত বেরপুয়াসা’, সোমালি ভাষায় ‘সুন ওয়ানাগসান’ এবং স্প্যানিশ ভাষায় ‘ফেলিজ রামাদান’ বলে সম্ভাষণ জানানো হয়। ভাষা আলাদা হলেও শুভেচ্ছার মর্ম একটাই, এই পবিত্র মাসে শান্তি, সমৃদ্ধি ও রহমত কামনা।







Add comment