বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মতামতের ভিত্তিতে সম্প্রতি সর্বকালের সেরা ৫০০ চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছে অনলাইন চলচ্চিত্রভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম লেটারবক্সড। ২০১১ সালে চালু হওয়া এই প্ল্যাটফর্মে দর্শকেরা নিজেদের দেখা চলচ্চিত্রের রেটিং ও মতামত শেয়ার করতে পারেন। সেই দর্শক মূল্যায়নের ভিত্তিতেই তৈরি হয়েছে তালিকাটি। এতে বিভিন্ন দেশ, ভাষা ও সময়ের সিনেমা স্থান পেয়েছে। নিচে তুলে ধরা হলো দর্শকদের ভোটে নির্বাচিত শীর্ষ ১০ চলচ্চিত্রের সংক্ষিপ্ত বিবরণ।
১০. ‘সিটি অব গড’
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ব্রাজিলীয় এই চলচ্চিত্রটি কেবল গ্যাংস্টার কাহিনি নয়; এটি নগর প্রান্তিক জীবনের কঠিন বাস্তবতার একটি নির্মম প্রতিফলন। রিও ডি জেনেইরোর ‘সিটি অব গড’ নামের বস্তিকে ঘিরে তৈরি গল্পে দেখানো হয়েছে কীভাবে দারিদ্র্য, সহিংসতা ও অপরাধের চক্র প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ে। গল্পটি এগিয়েছে রকেট নামের এক কিশোরের চোখ দিয়ে। এমন এক পরিবেশে সে বড় হতে থাকে যেখানে অস্ত্র তুলে নেওয়া যেন জীবনের অংশ। তবু সে অপরাধজগত থেকে দূরে থেকে একজন ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখে। একই সময়ে লিল জে নামের এক চরিত্র ছোটখাটো অপরাধ থেকে ধীরে ধীরে ভয়ংকর মাদক ব্যবসায়ীতে পরিণত হয়। ক্ষমতা ও সহিংসতার এই দ্বন্দ্বই চলচ্চিত্রটিকে তীব্র করে তোলে। ছবিটি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং ২০০৪ সালে চারটি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে।
৯. ‘দ্য হিউম্যান কনডিশন ১: নো গ্রেটার লাভ’
১৯৫৯ সালে মুক্তি পাওয়া এই জাপানি চলচ্চিত্রটি মানবিকতা ও যুদ্ধের নৈতিক সংকট নিয়ে নির্মিত একটি গভীর কাজ। এটি ‘দ্য হিউম্যান কনডিশন’ ট্রিলজির প্রথম অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি গল্পে কাজি নামের এক আদর্শবাদী তরুণকে দেখা যায়, যিনি মানুষের মর্যাদাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। মানচুরিয়ার একটি খনিতে শ্রম ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার পর তিনি যুদ্ধবন্দী শ্রমিকদের প্রতি মানবিক আচরণ করার চেষ্টা করেন। কিন্তু সামরিক কাঠামোর কঠোরতা ও জাতীয়তাবাদী চাপের মধ্যে তার অবস্থান ক্রমশ কঠিন হয়ে ওঠে। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই চলচ্চিত্র যুদ্ধের বাহ্যিক লড়াইয়ের চেয়ে মানুষের অন্তর্দ্বন্দ্বকেই বেশি গুরুত্ব দেয়।
৮. ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’
১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বসিনেমার অন্যতম প্রেরণাদায়ক গল্পে পরিণত হয়েছে। এক ব্যাংকার হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে কারাগারে পৌঁছান। সেখানে তার পরিচয় হয় দীর্ঘদিনের এক বন্দীর সঙ্গে এবং গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। কারাগারের কঠোর পরিবেশের মধ্যেও তিনি আশা ধরে রাখেন, সহবন্দীদের সাহায্য করেন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখেন। শেষ পর্যন্ত গল্পটি এমন এক পরিকল্পনার দিকে এগোয় যা দর্শককে বিস্মিত করে। চলচ্চিত্রটির মূল বার্তা হলো, মানুষের মন ও স্বপ্নকে বন্দী করা যায় না।
৭. ‘দ্য গডফাদার পার্ট ২’
১৯৭৪ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি বিশ্বসিনেমায় অন্যতম সফল সিক্যুয়েল হিসেবে বিবেচিত। ছবির গল্প দুটি সময়রেখায় এগোয়। একদিকে দেখা যায় তরুণ ভিটো করলিওনের সংগ্রাম ও ক্ষমতায় ওঠার ইতিহাস, অন্যদিকে পরিবারপ্রধান হিসেবে মাইকেলের ক্ষমতা ধরে রাখার সংগ্রাম। ক্ষমতা রক্ষার পথে তিনি ক্রমশ একাকী ও নির্মম হয়ে ওঠেন। দুই প্রজন্মের এই গল্প একসঙ্গে মিলিত হয়ে ক্ষমতার মূল্য ও তার পরিণতি নিয়ে গভীর প্রশ্ন তোলে।
৬. ‘হাই অ্যান্ড লো’
১৯৬৩ সালের জাপানি এই চলচ্চিত্রটি একটি অপহরণের ঘটনার মাধ্যমে সামাজিক শ্রেণিবিভাজন ও নৈতিক সংকট তুলে ধরেছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একটি জুতা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। একদিন খবর আসে তার ছেলেকে অপহরণ করা হয়েছে, পরে জানা যায় ভুলবশত তার চালকের সন্তানকে ধরে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন ওঠে, তিনি কি নিজের আর্থিক পরিকল্পনা ত্যাগ করে অন্যের সন্তানের জীবন রক্ষা করবেন? এই দ্বন্দ্বই ছবির মূল শক্তি।
৫. ‘সেভেন সামুরাই’
১৬শ শতকের জাপানের প্রেক্ষাপটে তৈরি এই চলচ্চিত্রে দেখা যায় ডাকাতদের অত্যাচারে অতিষ্ঠ এক দরিদ্র কৃষকগ্রাম নিজেদের রক্ষার জন্য সামুরাইদের সাহায্য চায়। অভিজ্ঞ এক সামুরাইয়ের নেতৃত্বে সাতজন যোদ্ধা গ্রামের পাশে দাঁড়ায়। প্রথমে দূরত্ব থাকলেও পরে কৃষক ও যোদ্ধাদের মধ্যে গড়ে ওঠে আস্থা। শেষ পর্যন্ত এক কঠিন যুদ্ধে তারা ডাকাতদের মোকাবিলা করে, তবে বিজয়ের মূল্যও দিতে হয়।
৪. ‘কাম অ্যান্ড সি’
১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সোভিয়েত চলচ্চিত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে নির্মম বাস্তবতায় তুলে ধরে। ফ্লোরিয়া নামের এক কিশোর যুদ্ধ করতে গিয়ে এমন ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয় যা তার শৈশব কেড়ে নেয়। গ্রাম ধ্বংস, নিরীহ মানুষের মৃত্যু এবং যুদ্ধের নির্মমতা তার চোখে স্পষ্ট হয়ে ওঠে। এই চলচ্চিত্র যুদ্ধকে কোনো বীরত্বগাথা নয়, বরং মানবিক বিপর্যয় হিসেবে দেখায়।
৩. ‘১২ অ্যাংরি মেন’
১৯৫৭ সালের এই ক্ল্যাসিক চলচ্চিত্র একটি আদালত মামলার সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি। ১২ জন জুরি সদস্য একটি অপরাধ মামলার রায় নির্ধারণ করতে বসেন। তাদের আলোচনার মধ্য দিয়ে মানুষের পক্ষপাত, যুক্তি ও ন্যায়ের প্রশ্ন উঠে আসে। পুরো গল্পটি প্রায় একটি ঘরেই ঘটে, কিন্তু সংলাপ ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মাধ্যমে ছবিটি তীব্র নাটকীয়তা সৃষ্টি করে।
২. ‘দ্য হিউম্যান কনডিশন ৩: আ সোলজারস প্লেয়ার’
এই ট্রিলজির তৃতীয় অংশে দেখা যায়, আদর্শবাদী কাজি এবার সৈনিক হিসেবে যুদ্ধের অভিজ্ঞতার মুখোমুখি হন। যুদ্ধের নির্মমতা, সহিংসতা ও স্বার্থপরতার মাঝেও তিনি নিজের মানবিকতা ধরে রাখার চেষ্টা করেন। ছবিটি দেখায় যুদ্ধ কেবল বাহ্যিক সংঘর্ষ নয়, বরং একজন মানুষের নৈতিকতার কঠিন পরীক্ষা।
১. ‘হারাকিরি’
১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত জাপানি এই চলচ্চিত্রটি লেটারবক্সডের তালিকার শীর্ষে রয়েছে। গল্পে এক সামুরাই একটি সামন্ত পরিবারের দরবারে এসে আত্মহত্যার অনুমতি চান। কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় যে তার আসল উদ্দেশ্য সমাজের ভণ্ডামি ও অন্যায়কে সামনে আনা। কৌশলে তিনি সেই ব্যবস্থার নিষ্ঠুরতা প্রকাশ করেন। ছবিটি সামুরাই সংস্কৃতির গৌরব ও সম্মানবোধের প্রচলিত ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করায়।





Add comment