কমিউনিকেশনস খাতে কর্মরত অনেকের মধ্যেই একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খায়, ডেভেলপমেন্ট সেক্টর ও প্রাইভেট সেক্টরে কাজ করার জন্য কি আলাদা ধরনের দক্ষতার প্রয়োজন হয়। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই দুই খাতের মৌলিক পার্থক্যটি বোঝা জরুরি।
ডেভেলপমেন্ট সেক্টরে কমিউনিকেশনসের উদ্দেশ্য কেবল তথ্য প্রচার নয়। এখানে বিভিন্ন কৌশল ও মাধ্যম ব্যবহার করে সমাজ ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ, এই খাতে যোগাযোগের মূল লক্ষ্য সামাজিক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণে প্রভাব সৃষ্টি করা। অন্যদিকে প্রাইভেট সেক্টরে কমিউনিকেশনসের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রধান ফোকাস থাকে একটি ব্র্যান্ডকে শক্তিশালী করা, পণ্যের বা সেবার বিক্রি বাড়ানো এবং সর্বোপরি মুনাফা বৃদ্ধি করা।
এই দুই খাতের টার্গেট অডিয়েন্সেও রয়েছে স্পষ্ট পার্থক্য। ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে হয় বিভিন্ন কমিউনিটি, সরকারি সংস্থা, দাতা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে। এখানে বার্তা তৈরি ও প্রচারে সামাজিক প্রেক্ষাপট এবং বহুমাত্রিক অংশীজনের চাহিদা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রাইভেট সেক্টরে যোগাযোগের কেন্দ্রবিন্দুতে থাকে গ্রাহক, বিনিয়োগকারী এবং নির্দিষ্ট বাজার। ফলে এখানে কৌশল নির্ধারণ করা হয় বাজারের চাহিদা ও প্রতিযোগিতার ভিত্তিতে।
এখন মূল প্রশ্নে আসা যাক, দক্ষতা কি আলাদা? বাস্তবতা হলো, মৌলিক দক্ষতার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। ভালো লেখার ক্ষমতা, গল্প বলার দক্ষতা, লক্ষ্যভিত্তিক শ্রোতাকে বুঝে সৃজনশীল বার্তা তৈরি করা, কৌশলগত চিন্তাভাবনা এবং ডিজিটাল ও মিডিয়া ব্যবস্থাপনার মতো দক্ষতা উভয় ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন দক্ষ কমিউনিকেশনস পেশাজীবীর জন্য এই গুণগুলো অপরিহার্য, সে যে খাতেই কাজ করুন না কেন।
তবে পার্থক্যটি মূলত দেখা যায় এই দক্ষতাগুলোর প্রয়োগে। ডেভেলপমেন্ট সেক্টরে যোগাযোগের ধরন বেশি মানুষ, সমাজ ও পরিবেশকেন্দ্রিক। এখানে সংবেদনশীলতা, নিরপেক্ষতা এবং প্রমাণভিত্তিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বার্তা তৈরি করার সময় সামাজিক প্রভাব ও দীর্ঘমেয়াদি পরিবর্তনের বিষয়গুলো গুরুত্ব পায়।
অন্যদিকে প্রাইভেট সেক্টরে যোগাযোগ অধিকাংশ ক্ষেত্রে বাজার ও ব্র্যান্ডকেন্দ্রিক হয়। এখানে লক্ষ্য থাকে গ্রাহকের মনোযোগ আকর্ষণ করা, তাদের আস্থা অর্জন করা এবং বিক্রয় বৃদ্ধি করা। প্রতিযোগিতামূলক পরিবেশে এগিয়ে থাকতে সৃজনশীলতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশেষভাবে প্রয়োজন হয়।
কাজের ধরণেও দুই খাতের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। ডেভেলপমেন্ট সেক্টরে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তুলনামূলকভাবে ধীরগতির হতে পারে, কারণ এখানে একাধিক স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করা জরুরি। প্রতিটি সিদ্ধান্তে বিভিন্ন পক্ষের মতামত ও প্রভাব বিবেচনা করতে হয়। বিপরীতে প্রাইভেট সেক্টরে সিদ্ধান্ত সাধারণত দ্রুত নেওয়া হয়, কারণ বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবকিছু বিবেচনায় বলা যায়, ডেভেলপমেন্ট ও প্রাইভেট সেক্টরে কাজের জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা একই হলেও মানসিকতা ও কাজের প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। একজন দক্ষ কমিউনিকেশনস পেশাজীবী চাইলে সহজেই দুই খাতেই কাজ করতে পারেন, যদি তিনি দ্রুত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হন এবং প্রেক্ষাপট অনুযায়ী নিজের দক্ষতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন।





Add comment