Bp News USA

ট্রুডি বিতর্কে এআই অস্ত্রোপচার ঝুঁকি

চিকিৎসা প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার নতুন সম্ভাবনার পাশাপাশি উদ্বেগও তৈরি করছে। ২০২১ সালে চিকিৎসা সরঞ্জাম খাতের শীর্ষ একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি সাইনোসাইটিসের চিকিৎসায় ব্যবহৃত তাদের একটি যন্ত্রে এআই সংযোজনকে ‘বড় অগ্রগতি’ হিসেবে তুলে ধরে। প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান তৈরি করা ‘ট্রুডি নেভিগেশন সিস্টেম’-এ মেশিন লার্নিং অ্যালগরিদম যুক্ত করা হয়, যা নাক, কান ও গলাবিশেষজ্ঞদের অস্ত্রোপচারের সময় যন্ত্রের অবস্থান নির্ধারণে সহায়তা করার কথা।

যন্ত্রটি এআই সংযোজনের আগে প্রায় তিন বছর বাজারে ছিল। সে সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ সাতটি ত্রুটি ও একজন রোগী আহত হওয়ার বিষয়ে একটি নিশ্চিত না হওয়া প্রতিবেদন পেয়েছিল। তবে এআই যুক্ত হওয়ার পর পরিস্থিতি বদলায়। ২০২১ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এফডিএর কাছে অন্তত ১০০টি যান্ত্রিক ত্রুটি ও নেতিবাচক ঘটনার প্রতিবেদন জমা পড়ে। এসব ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

অভিযোগগুলোর বেশির ভাগেই বলা হয়েছে, অস্ত্রোপচারের সময় রোগীর মাথার ভেতরে ব্যবহৃত যন্ত্রটির সঠিক অবস্থান সম্পর্কে সিস্টেম ভুল তথ্য দিয়েছে। এক ঘটনায় রোগীর নাক দিয়ে মস্তিষ্কের তরল বেরিয়ে আসে। অন্য ঘটনায় একজন সার্জন ভুলবশত মাথার খুলির নিচের অংশে ফুটো করেন। আরও দুটি ঘটনায় প্রধান ধমনি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই রোগী স্ট্রোকে আক্রান্ত হন বলে অভিযোগ রয়েছে।

এফডিএ সতর্ক করে জানিয়েছে, এসব প্রতিবেদন অসম্পূর্ণ হতে পারে এবং এগুলো কারণ নির্ধারণের জন্য তৈরি নয়। ফলে প্রতিটি ঘটনায় এআইয়ের সরাসরি ভূমিকা কতটা ছিল, তা স্পষ্ট নয়।

এদিকে টেক্সাসে স্ট্রোকের শিকার দুই ব্যক্তি আদালতে মামলা করেছেন। তাঁদের দাবি, ট্রুডি সিস্টেমে যুক্ত এআই প্রযুক্তি তাঁদের শারীরিক ক্ষতির জন্য দায়ী। এক মামলায় বলা হয়েছে, সফটওয়্যারে এআই সংযোজনের আগে পণ্যটি যতটা নিরাপদ ছিল, পরে তা আর ছিল না। বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এসব অভিযোগ যাচাই করতে পারেনি।

প্রাথমিকভাবে এ বিষয়ে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বর্তমান মালিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়। ২০২৪ সালে ইন্টেগ্রা লাইফ সায়েন্সেস অ্যাক্লারেন্ট ও ট্রুডি নেভিগেশন সিস্টেম অধিগ্রহণ করে। ইন্টেগ্রা জানায়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ট্রুডি ব্যবহৃত হয়েছে মানেই প্রযুক্তিটি দায়ী এমন প্রমাণ নেই। তাদের ভাষ্য, এআই প্রযুক্তির সঙ্গে আঘাত বা ক্ষতির সরাসরি সম্পর্কের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

চিকিৎসা খাতে এআই ব্যবহারের প্রসার এখন দ্রুততর। বর্তমানে এফডিএ অন্তত ১ হাজার ৩৫৭টি এআই চালিত চিকিৎসা সরঞ্জামের অনুমোদন দিয়েছে, যা ২০২২ সালের তুলনায় দ্বিগুণ। তবে ডজনখানেক এআই চালিত যন্ত্র নিয়ে ত্রুটির অভিযোগও এসেছে। এর মধ্যে একটি হার্ট মনিটর হৃদস্পন্দনের অস্বাভাবিকতা শনাক্তে ব্যর্থ হয়েছে এবং একটি আল্ট্রাসাউন্ড সফটওয়্যার ভ্রূণের অঙ্গপ্রত্যঙ্গ ভুলভাবে শনাক্ত করেছে বলে অভিযোগ রয়েছে।

গত আগস্টে জামা হেলথ ফোরামে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এফডিএ অনুমোদিত ৬০টি এআই চালিত চিকিৎসা সরঞ্জাম সংশ্লিষ্ট ১৮২টি পণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে ৪৩ শতাংশ ক্ষেত্রে অনুমোদনের এক বছরের মধ্যেই পণ্য সরিয়ে নিতে হয়েছে। সাধারণ চিকিৎসা সরঞ্জামের তুলনায় এআই চালিত যন্ত্রের প্রত্যাহারের হার প্রায় দ্বিগুণ।

রয়টার্স নিরাপত্তা নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার বিশ্লেষণ করে জানিয়েছে, প্রযুক্তি নির্মাতারা দ্রুত এআই ছড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। একই সময়ে এফডিএর পাঁচজন বর্তমান ও সাবেক বিজ্ঞানী বলেছেন, গুরুত্বপূর্ণ কর্মী হারানো এবং আবেদন বৃদ্ধির কারণে সংস্থাটি চাপে রয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় ব্যয় সংকোচন অভিযানের অংশ হিসেবে এআই বিশেষজ্ঞদের একটি দল ভেঙে দেওয়া হয় এবং উল্লেখযোগ্যসংখ্যক কর্মী চাকরি হারান বা চলে যান। স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, রোগীর নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার এবং সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, প্রচলিত নিয়ন্ত্রণ কাঠামো এআই চালিত প্রযুক্তির ঝুঁকি সামাল দিতে যথেষ্ট নয়। বর্তমানে বেশির ভাগ এআই চালিত যন্ত্র বাজারে আনার আগে রোগীদের ওপর আলাদা পরীক্ষা বাধ্যতামূলক নয়; নির্মাতারা অনেক সময় এগুলোকে পুরোনো যন্ত্রের আপডেট হিসেবে অনুমোদন পান।

চিকিৎসা জগতে এআই বিপ্লবের প্রতিশ্রুতি যেমন উজ্জ্বল, তেমনি বাস্তব অভিজ্ঞতা দেখাচ্ছে সতর্কতার প্রয়োজনও সমানভাবে জরুরি।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed