ছোট অভ্যাসেই গড়ে ওঠে বড় সাফল্য

জীবনের বড় পরিবর্তন বলতে আমরা সাধারণত বড় কোনো সিদ্ধান্ত বা নাটকীয় ঘটনার কথাই কল্পনা করি। অনেকেই মনে করেন, হঠাৎ চাকরি বদলে ফেলা, নতুন লক্ষ্য নিয়ে সম্পূর্ণ নতুনভাবে শুরু করা বা প্রবল অনুপ্রেরণায় জীবনধারা বদলে ফেলার মধ্যেই পরিবর্তনের আসল সূত্র লুকিয়ে আছে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা অনেক সময় ভিন্ন চিত্র তুলে ধরে। জীবনের উল্লেখযোগ্য পরিবর্তনের বড় অংশই শুরু হয় খুব ছোট কোনো সিদ্ধান্ত বা অভ্যাসের মাধ্যমে।

আত্মউন্নয়ন বা ব্যক্তিগত অগ্রগতির কথা ভাবলেই অনেকেই বড় বড় লক্ষ্য স্থির করেন। যেমন কেউ যদি ওজন কমানোর কথা ভাবেন, তখন মনে করেন প্রতিদিন দীর্ঘ সময় জিমে কাটাতে হবে। আবার কেউ যদি বই লেখার পরিকল্পনা করেন, তখন ধারণা করেন প্রতিদিন হাজার হাজার শব্দ লিখতে হবে। শুরুতে এসব লক্ষ্য মানুষকে বেশ উৎসাহিত করলেও বেশিরভাগ ক্ষেত্রে তা দীর্ঘদিন ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কয়েকদিন পর ক্লান্তি আসে, আগ্রহ কমে যায় এবং একসময় সেই লক্ষ্য আর বাস্তবায়নের পথে এগোয় না।

এই জায়গাতেই ছোট সাফল্যের গুরুত্ব সামনে আসে। ছোট সাফল্য বলতে এমন একটি ক্ষুদ্র অগ্রগতিকে বোঝায়, যা প্রথমে খুব বড় কিছু মনে না হলেও সময়ের সঙ্গে বড় ফল এনে দেয়। প্রতিদিন সামান্য পড়াশোনা করা, অল্প অল্প করে সঞ্চয় করা কিংবা প্রতিদিন কিছুটা সময় নতুন কিছু শেখার চেষ্টা করা—এসব ছোট পদক্ষেপ ধীরে ধীরে বড় অর্জনের ভিত্তি তৈরি করতে পারে। পুরোনো প্রবাদে বলা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা ও বিন্দু বিন্দু জল মিলেই একসময় বিশাল মহাদেশ ও গভীর সাগর সৃষ্টি করে। মানুষের সাফল্যের গল্পও অনেক সময় এমন ছোট ছোট পদক্ষেপের ওপর দাঁড়িয়ে থাকে।

উদাহরণ হিসেবে পড়ার অভ্যাসের কথা ধরা যেতে পারে। কেউ যদি সিদ্ধান্ত নেন যে বছরে ৩০টি বই পড়বেন, তাহলে সেটি অনেকের কাছেই কঠিন মনে হতে পারে। পরিকল্পনা ছাড়া এত বড় লক্ষ্য ধরে রাখা অনেক সময় সম্ভব হয় না। কিছুদিন পরেই আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু যদি প্রতিদিন মাত্র ১০ পৃষ্ঠা করে পড়ার অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে বিষয়টি অনেক সহজ হয়ে যায়। প্রতিদিনের এই সামান্য প্রচেষ্টাই এক বছরে প্রায় ৩ হাজার ৬৫০ পৃষ্ঠা হয়ে দাঁড়াতে পারে। একটি বই গড়ে প্রায় ১০ ফর্মা ধরা হলে, বছরে প্রায় ২০ থেকে ২৫টি বই পড়া হয়ে যেতে পারে। অর্থাৎ ছোট একটি অভ্যাসই ধীরে ধীরে বড় অর্জনে রূপ নিতে পারে।

ফিটনেসের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। অনেকেই শুরুতেই কঠিন লক্ষ্য স্থির করেন। কেউ কেউ মনে করেন প্রতিদিন দীর্ঘ সময় কঠোর অনুশীলন করতে হবে। কিন্তু শরীর ও মন যদি সেই প্রস্তুতিতে না থাকে, তাহলে কয়েক দিনের মধ্যেই আগ্রহ হারিয়ে যায় এবং চেষ্টা থেমে যায়। এর পরিবর্তে যদি প্রতিদিন মাত্র ১৫ মিনিট হাঁটা দিয়ে শুরু করা যায়, তাহলে সেটি সহজেই নিয়মিত অভ্যাসে পরিণত হতে পারে। ধীরে ধীরে হাঁটা থেকে দৌড়ের দিকে এগোনো সম্ভব হয়। কয়েক মাস পর দেখা যেতে পারে, ৫ কিলোমিটার দৌড়ানোও আর কঠিন মনে হচ্ছে না।

ছোট সাফল্য কার্যকর হওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, ছোট লক্ষ্য তুলনামূলক সহজ হওয়ায় তা অর্জন করা সহজ মনে হয়। বড় লক্ষ্য অনেক সময় মানুষকে ভয় পাইয়ে দেয়, কিন্তু ছোট লক্ষ্য শুরু করার সাহস জোগায়। উদাহরণ হিসেবে নতুন ভাষা শেখার কথা বলা যায়। প্রতিদিন এক ঘণ্টা সময় দেওয়ার লক্ষ্য কঠিন মনে হতে পারে, কিন্তু প্রতিদিন মাত্র পাঁচটি নতুন শব্দ শেখার লক্ষ্য অনেক বেশি বাস্তবসম্মত।

দ্বিতীয়ত, ছোট সাফল্য মানুষকে এগিয়ে যাওয়ার গতি তৈরি করে। একটি ছোট কাজ শেষ হলে মনে হয় দিনের শুরুতেই একটি কাজ সম্পন্ন হয়েছে। এই ইতিবাচক অনুভূতি পরবর্তী কাজ করার আগ্রহ বাড়ায়। যেমন সকালে উঠে নিজের বিছানা গুছিয়ে নেওয়ার মতো ছোট কাজও দিনটির জন্য ইতিবাচক সূচনা তৈরি করতে পারে।

তৃতীয়ত, ছোট অর্জন আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিটি ছোট সাফল্য মানুষকে মনে করিয়ে দেয় যে পরিবর্তন সম্ভব। এই বিশ্বাসই ধীরে ধীরে বড় চ্যালেঞ্জ গ্রহণের সাহস জোগায়। কেউ যদি প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যায়াম দিয়ে শুরু করেন, কয়েক সপ্তাহ পর দেখা যেতে পারে তিনি সহজেই ২০ থেকে ৩০ মিনিট ব্যায়াম করতে পারছেন।

চতুর্থত, ছোট পরিবর্তন দীর্ঘদিন ধরে বজায় রাখা সহজ। কারণ এসব অভ্যাস সহজেই দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি প্রতিদিন রাতের খাবারের পর মাত্র পাঁচ মিনিট ঘর গোছানোর অভ্যাস করেন, তাহলে ধীরে ধীরে ঘর পরিষ্কার রাখার একটি স্থায়ী অভ্যাস তৈরি হয়।

ছোট সাফল্যকে কাজে লাগাতে হলে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে নিতে হবে। মাঝপথের অগ্রগতিকে স্বীকৃতি দিতে হবে। ধারাবাহিকতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের অগ্রগতির হিসাব লিখে রাখাও শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করতে পারে। প্রতিদিনের কাজের তালিকায় টিক চিহ্ন দেওয়া, কত শব্দ লেখা হলো তা নোট করা কিংবা ব্যায়ামের অগ্রগতি লিখে রাখা—এসবই মানুষকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয়।

সবশেষে বলা যায়, জীবনে বড় পরিবর্তন আনতে সব সময় বড় সিদ্ধান্তের প্রয়োজন হয় না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই ধীরে ধীরে বড় পরিবর্তনের পথ তৈরি করে। তাই বড় স্বপ্ন দেখলেও শুরুটা ছোট পদক্ষেপ থেকেই করা উচিত। সময়ের সঙ্গে সেই ছোট পদক্ষেপই মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed