দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই সকালের আলো থেকে রাত পর্যন্ত অফিস, পড়াশোনা বা ব্যক্তিগত দায়িত্বের চাপের মধ্যে আটকে থাকি। এই ব্যস্ততার মধ্যে অনেক সময় আমরা বুঝতে পারি না কখন আমাদের মন ক্লান্ত হয়ে গেছে। অনেকেই মনে করেন মানসিক পুনরুজ্জীবনের জন্য দীর্ঘ মেডিটেশন, ছুটির দিন বা জটিল রুটিন দরকার। তবে বাস্তবতা হলো, মাত্র পাঁচ মিনিটের ছোট একটি বিরতিই মনকে নতুন উদ্যমে ভরিয়ে দিতে পারে।
ছোট অভ্যাসের গুরুত্ব
আচরণবিজ্ঞানী এক গবেষক তার বই ‘টাইনি হ্যাবিটস’-এ বলেন, নতুন অভ্যাস তৈরি করতে তিনটি উপাদান অপরিহার্য, কাজের অনুপ্রেরণা, সক্ষমতা এবং একটি সংকেত। আমরা সাধারণত ভাবি, অনুপ্রেরণা থাকলেই কাজের স্পৃহা বজায় থাকে। কিন্তু বাস্তবে প্রতিদিন একই উদ্যম থাকে না। ব্যস্ততা, ক্লান্তি ও মানসিক চাপ সহজেই উদ্যমকে কমিয়ে দিতে পারে।
অন্যদিকে, যদি কোনো কাজ সহজ হয় এবং খুব বেশি সময় বা শক্তি লাগে না, তা দীর্ঘমেয়াদে সহজে অভ্যাসে পরিণত হয়। ঠিক এ কারণে পাঁচ মিনিটের ছোট বিরতিও কাজের প্রতি মনোযোগ ও উদ্যম পুনরুজ্জীবিত করতে সক্ষম।
অস্থিরতা কমানোর সহজ কৌশল
মন অস্থির বা চঞ্চল মনে হলে একটি ছোট শ্বাস-প্রশ্বাসের অনুশীলন চেষ্টা করা যেতে পারে। প্রথমে ধীরে ধীরে চার সেকেন্ড ধরে শ্বাস নিন, দুই সেকেন্ড ধরে রাখুন, তারপর ছয় সেকেন্ডে শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়ার সময় কাঁধকে স্বাভাবিক ও নমনীয় রাখুন। এই প্রক্রিয়াটি তিনবার পুনরাবৃত্তি করুন।
দ্বিতীয়বার শ্বাস নেওয়ার সময় এমন একটি বিষয় ভাবুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। তৃতীয়বার শ্বাস নেওয়ার সময় ভাবুন এমন একটি ছোট মুহূর্তের জন্য যা আপনি আজ উদ্দীপনার সঙ্গে অপেক্ষা করছেন; হতে পারে বন্ধুর ফোনকল, পরিবারের সঙ্গে সময় বা দিনের শেষে বিশ্রাম। এই তিনটি ছোট অনুশীলন মনকে স্থির ও সতেজ রাখার জন্য কার্যকর।
নিজের জন্য সময় নেওয়ার গুরুত্ব
আমাদের সমাজে অনেকেই, বিশেষ করে নারী, নিজের জন্য সময় নিতে অপরাধবোধ অনুভব করেন। পরিবার, কাজ ও দায়িত্বের মধ্যে নিজেকে সময় দেওয়াকে অনেকেই বিলাসিতা মনে করেন। তবে বাস্তবতা হলো, নিজের মানসিক ও শারীরিক সুস্থতার যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়। বরং এটি মনোযোগ, ধৈর্য ও স্থিরতা বাড়ায় এবং পরিবার ও আশেপাশের মানুষকে আরও ভালোভাবে সহযোগী হতে সাহায্য করে।
পাঁচ মিনিটের ছোট বিরতি হয়তো জীবনের সব সমস্যার সমাধান করবে না, তবে প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এটি মনকে শান্ত ও পরিস্কার করতে যথেষ্ট। নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য এমন একটি ছোট বিরতি অনেক সময়ই যথেষ্ট।





Add comment