ঊনবাঙালের আয়োজনে সংগীত, কবিতা ও একক পারফর্মেন্স

শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ঊনবাঙাল’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৮ মার্চ লং আইল্যান্ডের হিক্সভিলে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের শিল্পী মোহাম্মদ শানুর একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা গানের ভীষণ জনপ্রিয় শিল্পী বাদশাহ বুলবুল।

স্বাধীনতার কবিতা পাঠ দিয়ে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়, যা শেষ হয় মধ্যরাতে। লাল-সবুজ রঙের পোশাক ও উত্তরীয় পরে অনুষ্ঠানে আসেন শিল্পীরা। কবিতা পড়েন কাজী জহিরুল ইসলাম, রেণু রোজা, আহসান হাবিব, সুমন শামসুদ্দিন, মুক্তি জহির, আরিফ আহমেদ অর্ণব, শান্তনু সাজ্জাদ, রওশন হক, নজরুল ইসলাম, মুন্না চৌধুরী, শাহীনূর শাণূ নদী প্রমূখ।

দ্বিতীয় পর্বে ঊনবাঙালের নিজস্ব শিল্পীরা দলীয় সঙ্গীত পরিবেশন করেন। তারা প্রথমে কাজী জহিরুল ইসলাম রচিত এবং সুজিত মোস্তফা সুরারোপিত ‘রাঙা রাজপথ শত শহীদের রক্তের আল্পনা’ গানটি করেন। এরপর আব্দুল লতিফের কথা ও সুরে ‘সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি’ পরিবেশন করেন। সবশেষে শিল্পীরা গোবিন্দ হালদার রচিত ও সমর দাস সুরারোপিত, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল’ গানটি পরিবেশন করেন।

দলীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শকদের ভিন্ন তরঙ্গে ভাসিয়ে দিতে একক সঙ্গীত পরিবেশন করেন নজরুল ইসলাম এবং বুলা আফরোজ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিল্পী মোহাম্মদ শানুর ১ ঘন্টার একক পারফর্মেন্স। তিনি জনপ্রিয় ব্যান্ডের গান এবং কিছু জনপ্রিয় ইংরেজি গান পরিবেশন করেন। উপস্থিত দর্শক শ্রোতা আশির ও নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ডের গানের সুরে ভেসে তাদের ফেলে আসা সেইসব দিনে ফিরে যান। মুহুর্মুহু করতালি ও দর্শকদের দেহ দোলানোর তালে হলঘরে এক মুগ্ধতার উন্মাদনা তৈরি হয়।

ঊনবাঙাল প্রতি মাসে একজন শিল্পীর একক পারফর্মেন্সের আয়োজন করে এবং শিল্পীকে বিশেষ সম্মাননা জানায়। শিল্পী মোহাম্মদ শানুকেও এইদিন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। শিল্পীর হাতে ক্রেস্ট তুলে দেন শিল্পী বাদশাহ বুলবুল এবং সংগঠনের কর্মকর্তারা।

ঊনবাঙাল সঙ্গীত বিভাগের পরিচালক মিতা হোসেনের নেতৃত্বে দলীয় সঙ্গীতে অংশ নেন মোহাম্মদ শানু, বুলা আফরোজ, নজরুল ইসলাম, মুক্তি জহির, শাহীনূর নদী, শান্তনু সাজ্জাদ, আরিফ আহমেদ অর্ণব, দেলোয়ারা কামাল, চমক ইসলাম, দানিয়েল ইসলাম, রেনু রোজা, আবিদা সুলতানা, মুন্না চৌধুরী।

BP News USA Desk

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed