স্বাস্থ্য সচেতন মানুষেরা দিন শুরু করতে চান এমন কিছু দিয়ে, যা শরীরের জন্য উপকারী। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে আদা, মধু ও কালিজিরা একসঙ্গে খাওয়ার অভ্যাস। অনেকেই বিশ্বাস করেন, সকালে খালি পেটে এই তিন উপাদান গ্রহণ শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। তবে বাস্তবে এর উপকারিতা যেমন রয়েছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও রয়েছে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।
ঢাকার এভারকেয়ার হাসপাতাল-এর প্রধান পুষ্টিবিদ এ বিষয়ে জানান, আদা, মধু ও কালিজিরা—এই তিনটি উপাদানেই প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে। এগুলো শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অনেকেই সকালে এই উপাদানগুলো গ্রহণের পর নিজেকে তুলনামূলক সতেজ অনুভব করেন।
এছাড়া এই তিন উপাদান ক্ষুধা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে দিনের পরবর্তী সময়ে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা সহজ হয়, যা ওজন কমাতে সহায়ক হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এগুলো কখনোই মূল খাবারের বিকল্প নয় এবং শুধুমাত্র এগুলোর ওপর নির্ভর করে সুস্থ থাকা সম্ভব নয়।
আদা ও কালিজিরা হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং অ্যাসিডিটির প্রবণতা কমাতে ভূমিকা রাখে। কালিজিরা ত্বক ও চুলের জন্যও উপকারী হিসেবে পরিচিত। অন্যদিকে আদা মাসিকজনিত ব্যথা কমাতেও কার্যকর হতে পারে। মধু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা শরীরকে ভেতর থেকে তরুণ রাখতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।
তবে প্রশ্ন হচ্ছে, প্রতিদিন আলাদাভাবে এই তিনটি উপাদান খাওয়া কতটা প্রয়োজনীয়? বিশেষজ্ঞদের মতে, আমাদের দেশের প্রচলিত রান্নায় আদার ব্যবহার যথেষ্ট। ফলে আলাদা করে প্রতিদিন আদা খাওয়া বাধ্যতামূলক নয়। একইভাবে কালিজিরাও বিভিন্ন খাবারে ব্যবহৃত হয়, যেমন আচার বা চাটনিতে। তাই এটিও নিয়ম করে প্রতিদিন খাওয়ার প্রয়োজন নেই।
মৌসুমভেদেও এই উপাদানগুলোর উপযোগিতা ভিন্ন হতে পারে। মধু শরীরে তাপ ধরে রাখতে সহায়তা করে। তাই গরমকালে এটি বেশি পরিমাণে গ্রহণ করলে অস্বস্তি তৈরি হতে পারে। বরং শীতকালে মধু খেলে শরীরের জন্য আরামদায়ক হয় এবং ঠান্ডা-কাশির মতো সমস্যায়ও উপকার পাওয়া যায়।
বিশেষজ্ঞরা আরও জানান, আদা, মধু বা কালিজিরা কোনো জাদুকরি উপাদান নয়, যা একাই শরীরকে সুস্থ রাখবে। সুস্থ থাকার জন্য প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস, মানসিক প্রশান্তি এবং পর্যাপ্ত ঘুম। কেবলমাত্র এই তিনটি উপাদান গ্রহণ করে স্বাস্থ্য ভালো রাখা সম্ভব নয়।
এ ধরনের উপাদান গ্রহণ করতে চাইলে পরিমিত মাত্রা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত গ্রহণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে মধুতে উচ্চ ক্যালরি থাকায় এটি অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে এবং রক্তে শর্করার মাত্রাও বৃদ্ধি পেতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি বা যারা ওজন কমাতে চান, তাদের মধু গ্রহণে সতর্ক থাকতে হবে।
এছাড়া যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের জন্য নিয়মিত ওষুধ সেবন করছেন, তাদের জন্য প্রতিদিন এই তিন উপাদান গ্রহণ সবসময় নিরাপদ নাও হতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রেও দীর্ঘ সময় ধরে একটানা এই অভ্যাস বজায় রাখা ঠিক নয়। মাঝে মাঝে বিরতি দিয়ে গ্রহণ করাই ভালো। সব মিলিয়ে বলা যায়, আদা, মধু ও কালিজিরা উপকারী হলেও তা ব্যবহারে সচেতনতা ও পরিমিতিবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ।





Add comment