একফোঁটা কল্পনা, একখণ্ড নস্টালজিয়া: ‘এ ড্রয়িং রুম’-এ হৃদিতা আনীশার একক প্রদর্শনী

তরুণ শিল্পী হৃদিতা আনীশা আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে উদ্বোধন করলেন তার একক প্রদর্শনী ‘এ ড্রয়িং রুম’। শৈশবের সরল রেখা, প্রাকৃতিক দৃশ্য, লোকজ কল্পনা ও অদ্ভুত প্রাণিজগতের সমন্বয়ে তিনি এক কাব্যিক জগৎ সৃষ্টি করেছেন। প্রদর্শনীর প্রতিটি কাজ যেন দর্শককে আমন্ত্রণ জানায় এক নির্মল ও নস্টালজিক পৃথিবীতে, যেখানে সূর্য, ঘর, পাখি, মেঘ এবং কল্পনার প্রাণী জীবন্ত হয়ে ওঠে।

শিল্পীর ভাষ্য, অঙ্কন শুধুমাত্র দৃশ্য নির্মাণ নয়, এটি এক ধরনের প্রত্যাবর্তন; শৈশবের সরলতাকে পুনরুদ্ধার করা। পুরো প্রদর্শনীই গ্যালারিকে একটি অন্তরঙ্গ আঁকার ঘরে পরিণত করেছে। আনীশা নিজ হাতে দেয়ালে অঙ্কন করবেন, আর দর্শকও অংশগ্রহণের সুযোগ পাবেন। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবার জন্য উন্মুক্ত কল্পনা ও সৃজনশীলতার এ পরিসর, যেখানে প্রত্যেক দর্শক হতে পারেন সহশিল্পী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওরিয়েন্টাল আর্ট বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন হৃদিতা আনীশার কাজের মূল উপজীব্য শিশুদের স্বতঃস্ফূর্ততা ও বাংলার লোকজ ধারা। প্রদর্শনী চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, রবিবার গ্যালারি বন্ধ।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed