নিউজার্সিতে সনাতনী সম্প্রদায়ের উৎসবমুখর শ্যামা পূজা ও দীপাবলী উদযাপন

নিউজার্সির আটলান্টিক কাউন্টিতে ধর্মীয় ভক্তি ও আনন্দে উদযাপিত হয়েছে সনাতনী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব—শ্যামা পূজা ও দীপাবলী। গত ২০ অক্টোবর সোমবার রাতে, উওর ফ্লোরিডা এভিনিউয়ের শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে এবং এবসিকন শহরের রাধাকৃষ্ণ মন্দিরে সম্পূর্ণ শাস্ত্রমতে সম্পন্ন হয় এই পূজা ও উৎসবের আয়োজন।

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দিরে জমে ওঠে ভক্তিমুখর পরিবেশ। সনাতন ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দীপান্বিতা পার্বণ ও শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। ‘ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো’—এই আহ্বানেই আলোকিত হয় প্রবাসী সনাতনী হিন্দুদের ঘর-বাড়ি।

দুর্গাপূজার আনন্দমুখর দিনগুলো শেষ হতেই শুরু হয় দীপাবলির প্রস্তুতি। বিজয়ার বেদনায় মন কিছুটা ভারাক্রান্ত হলেও, দীপাবলির আলোয় সেই মন আবার উজ্জ্বল হয়ে ওঠে। দেবী শ্যামা শান্তি, সংহতি ও সম্প্রীতির প্রতীক হিসেবে আবির্ভূত হন। তিনি দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তদের জীবনে শুভ শক্তির বার্তা নিয়ে আসেন।

অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় শ্যামা পূজার আনুষ্ঠানিকতা। সন্ধ্যা নামতেই ভক্তরা সমবেত হন মন্দিরে। পুস্পাঞ্জলি ও ষোড়শ উপচারে দেবী কালির আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তিকে বিনাশ ও কল্যাণের শক্তি লাভের প্রার্থনা করেন সবাই। ঢাকের বোল, কাঁসরের ধ্বনি, আর উলুধ্বনিতে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। আলো ও ভক্তির এই মিলনমেলায় ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস।

শ্যামা পূজা ও দীপাবলিকে কেন্দ্র করে প্রবাসী সনাতনী সম্প্রদায়ের ঘরে ঘরে জ্বলে ওঠে মঙ্গল প্রদীপ। শিশু-কিশোররাও এই উৎসবে অংশ নিয়ে নিজেদের ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়। রাতভর চলা এই পূজা ও দীপাবলির আয়োজনে ভক্তরা মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য ধরে রাখার এই প্রয়াস ছিল সত্যিই প্রশংসনীয়। আটলান্টিক কাউন্টির সনাতনী সম্প্রদায় শুধু ধর্মীয় আচারই নয়, ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণও উপস্থাপন করেছেন এই আয়োজনের মাধ্যমে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed