আন্তর্জাতিক পর্যটকের জন্য নতুন ফি কাঠামো

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জাতীয় উদ্যানগুলোতে আগামী বছর থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য অতিরিক্ত ফি আর বার্ষিক পাসের মূল্যবৃদ্ধি কার্যকর হতে যাচ্ছে। এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ক দপ্তর, যারা নতুন কাঠামোকে এমনভাবে ব্যাখ্যা করেছে যাতে স্থায়ী বাসিন্দা পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

দপ্তর জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বার্ষিক পাস পেতে যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিকদের ২৫০ ডলার দিতে হবে, যা বর্তমানে মার্কিন বাসিন্দাদের জন্য নির্ধারিত ৮০ ডলারের তুলনায় তিনগুণেরও বেশি। এদিকে যারা বার্ষিক পাস কিনবেন না, তারা প্রবেশের সময় প্রচলিত প্রবেশমূল্যের পাশাপাশি জনপ্রতি অতিরিক্ত ১০০ ডলার পরিশোধ করতে হবে। এ নীতি প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দর্শকপ্রবাহ রয়েছে এমন ১১টি জাতীয় উদ্যানের ক্ষেত্রে কার্যকর হবে, যার মধ্যে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন, রকি মাউন্টেন, ইয়েলোস্টোন এবং ইয়োসেমিটি। উল্লেখ্য, এই পাস সিরিজ যৌথভাবে পরিচালনা করে সংশ্লিষ্ট দপ্তর এবং তারা ফেডারেল জনসাধারণের ভূমির প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে।

দপ্তরের প্রধান কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, মার্কিন করদাতারা ইতোমধ্যে জাতীয় উদ্যান ব্যবস্থাকে সমর্থন করে আসছেন, তাই তাদের জন্য সাশ্রয়ী প্রবেশমূল্য বজায় রাখা জরুরি। আর আন্তর্জাতিক পর্যটকদের কাছ থেকে প্রাপ্ত অতিরিক্ত অর্থ আগামী দিনগুলোর জন্য পার্ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে সহায়তা করবে।

হোয়াইট হাউসও সামাজিক মাধ্যমে সংক্ষেপে ব্যাখ্যা দেয় যে নতুন কাঠামোতে দেশের বাসিন্দাদের জন্য মূল্য সাশ্রয়ী থাকবে, আর বিদেশিদের ক্ষেত্রে বেশি ফি প্রযোজ্য হবে। এই ঘোষণা আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটনের হার কমছে। শুল্কনীতিতে পরিবর্তন এবং অভিবাসন নজরদারি কড়াকড়ির কারণে এই পতন ত্বরান্বিত হয়েছে। ইয়েলোস্টোন কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে যেখানে আন্তর্জাতিক পর্যটক উপস্থিতি ছিল প্রায় ৩০ শতাংশ, সেখানে ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১৪.৮ শতাংশে।

মূল্যবৃদ্ধির আরেকটি পটভূমি রয়েছে সাম্প্রতিক দীর্ঘ সরকারি অচলাবস্থা। দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এই অচলাবস্থার সময় সীমিত কর্মীসংখ্যা ও কমে আসা সম্পদের কারণে জাতীয় উদ্যানগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ন্যাশনাল পার্কস কনজার্ভেশন অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, সে সময় জাতীয় উদ্যানগুলো প্রায় ৪১ মিলিয়ন ডলার প্রবেশ ও বিনোদন ফি সংগ্রহ করতে পারেনি।

ঘোষিত বিবৃতিতে আগামী বছরের জন্য স্থানীয় বাসিন্দা বিশেষ কিছু দিনকে ফ্রি এন্ট্রি হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে মেমোরিয়াল ডে, স্বাধীনতা দিবস সপ্তাহান্ত এবং ১৪ জুন যা পতাকা দিবস এবং সাবেক প্রেসিডেন্টের জন্মদিন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নতুন একটি উন্নত বুকিং ব্যবস্থা চালু এবং মোটরসাইকেলযাত্রীদের জন্য পার্কসমূহে আরও সহজ প্রবেশের ব্যবস্থাও ঘোষণা করা হয়। দপ্তর এটিকে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে জাতীয় উদ্যান ব্যবস্থাপনায় সবচেয়ে বড় আধুনিকায়ন উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে।

বিশ্বের অন্যান্য দেশেও আন্তর্জাতিক পর্যটকদের জন্য অতিরিক্ত ফি আরোপের নজির পাওয়া যায়। মিসর, থাইল্যান্ড ও কম্বোডিয়াতে জাতীয় উদ্যানসহ বিভিন্ন আকর্ষণীয় স্থানে বিদেশিদের জন্য স্থানীয়দের তুলনায় বেশি ফি নেওয়া হয়, যা আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনার একটি সাধারণ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়ে আসছে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed